সারাদেশ

ক্যাটেল স্পেশাল ট্রেনে জামালপুর থেকে ৮শ’ কোরবানীর গরু গেলো ঢাকায়

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানীর পশু পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ে পরিচালনা করছে ক্যাটেল স্পেশাল ট্রেন সার্ভিস। এ বছর জামালপুর থেকে তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেনে করে পরিবহন করা হবে ১২শ’ কোরবানীর পশু। শুক্রবার জামালপুরের ইসলামপুর স্টেশন থেকে দুটি ক্যাটেল স্পেশাল ট্রেনে ৮শ’ গরু গেলো ঢাকার উদ্দেশ্যে। আর কোন রকম ভোগান্তি না থাকায় নিরাপদ ও সাশ্রয়ী খরচে ট্রেনে করে পশু পরিবহন করায় খামারী ও ব্যবসায়ীরাও বেশ উচ্ছসিত।


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জামালপুরের খামারী ও প্রান্তিক কৃষকরা কোরবানীর পশু লালন পালন করে থাকেন। কিন্তু ভালো দাম পেতে ঢাকায় পশু নিয়ে যেতে পোহাতে হয় নানা রকম হয়রানী ও ভোগান্তি। সড়ক পথে ট্রাকে বা অন্যান্য যানবাহনে করে পশু পরিবহন যেমন ব্যয়বহুল তেমনি রয়েছে দুর্ঘটনার আশঙ্কা, পথে পথে চাঁদাবাজির অভিযোগ। তাছাড়া যানযটের কারনে দীর্ঘ সময় গাড়িতে পশু পরিবহন করায় ভোগান্তির মাত্রা ছাড়িয়ে যায়, অসুস্থও হয়ে পরে পশুটি। খামারী ও প্রান্তিক কৃষকদের এসব পশু সহজে পরিবহনের বিষয়টি মাথায় রেখে ২০২১ সাল থেকে রেলওয়ে চালু করেছে ক্যাটেল স্পেশাল ট্রেন সার্ভিস। জামালপুর থেকে দুইদিনে তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেনে করে পরিবহন করা হচ্ছে ১২শ’ গরু। এর মধ্যে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় জামালপুরের ইসলামপুর রেলস্টেশন থেকে ২৫টি ওয়াগনে মোট ৪শ’টি গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন। আর সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ক্যাটল স্পেশাল ট্রেন আরো ২৫টি ওয়াগনে ৪শ’ গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

আগামীকাল শনিবার তৃতীয় এবং শেষ ক্যাটল স্পেশাল ট্রেনটি ২৫টি ওয়াগনের মধ্যে ইতিমধ্যে সবকটি বুকিং হয়ে যাওয়ায় ৪শ’টি গরু নিয়ে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। দু’দিনে ক্যাটল স্পেশাল ট্রেন তিনটিতে শুধুমাত্র জামালপুরের ইসলামপুর রেলস্টেশন থেকে ৭৫টি ওয়াগনের মাধ্যমে ১ হাজার ২শ’টি গরু নিয়ে যাবেন ব্যবসায়ী, খামারী ও কৃষকরা। কম খরচে, নিরাপদে কোন রকম ভোগান্তি ছাড়াই ট্রেনে করে পশু পরিবহন করতে পারায় বেশ খুশি সবাই। এদিকে ক্যাটেল ট্রেনে পরিবহন করা গরুর স্বাস্থ্য পরীক্ষা করছে প্রাণী সম্পদ অফিস।
ইসলামপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল আলিম বলেন, ক্যাটেল ট্রেনে পরিবহন করা এই ১২শ গরু আমাদের প্রাণী সম্পদ অফিসের তদারকিতে ছিলো, এখন আমাদের ভেটেরিনারি টীম গরুর স্বাস্থ্য পরীক্ষা করার পর গরুগুলোকে ক্যাটেল ট্রেনে পরিবহন করা হচ্ছে।

ইসলামপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহীন মিয়া জানান, রেলে খরচ কম, নিরাপদ এবং আরামদায়ক। জামালপুরের ইসলামপুর থেকে দুইদিনে ৩টি ক্যাটল স্পেশাল ট্রেনের মাধ্যমে গরু পরিবহন করা হবে। প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা এবং প্রতিটি ওয়াগনে ১৬টি করে গরু পরিবহন করা যাবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!