সারাদেশ

ইঞ্জিন বিকল ফিশিং বোটে ভাসতে থাকা ৪ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

চট্টগ্রাম: কুতুবদিয়ার পশ্চিমে গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, কক্সবাজার থেকে ‘এফবি সৌরভ’ নামের একটি ফিশিং বোট ৪ জেলেসহ সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে গত ১৮ জুন বেলা ২টায় কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরবর্তীতে, ১৯ জুন সকাল ৯টায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, তাৎক্ষণিকভাবে সমুদ্রে টহলে নিয়োজিত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ ওই এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করে বিকল হওয়া বোটসহ ৪ জেলেকে জীবিত উদ্ধার করে এবং জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া ৪ জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এসকল এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জান-মাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদান এবং সমুদ্রে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে। জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!