জামালপুরে পৃথকস্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের ইসলামপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে মো: শামীম মিয়া ও সাগর ইসলাম নামে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার গাইবান্ধা ও সাপধরী ইউনিয়নে এই দুটি ঘটনা ঘটে।
নিহত শামীম মিয়া(৩৭) ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি উত্তর বাড়ি গ্রামের মোহাম্মদ আলী মেম্বারের ছেলে এবং সাগর ইসলাম(১৮) দেওয়ানগঞ্জ উপজেলার চিনিয়াপাড়া এলাকার মো: স্বাধীনের ছেলে।
জানা যায়, বুধবার ভোর ৫টার দিকে শামীম মিয়া দশানী নদীতে শিবজাল নিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশেপাশে থাকা অন্যান্য জেলেরা নদীতে একটি জাল ভাসতে দেখে সন্দেহ হলে কাছে গিয়ে শামীমের নিথর দেহ দেখতে পান। পরে তারা দ্রুত পরিবারকে খবর দেন।
অপরদিকে ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারী এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় একটি পাকাসড়কের নির্মাণকাজ চলাকালে বজ্রপাতে সাগর ইসলাম নিহত হন। কয়েক জন শ্রমিক একসঙ্গে কাজ করা অবস্থায় বজ্রপাত শুরু হলে অন্যরা দ্রুত সরে এলেও সাগর ইসলাম কিছুটা পেছনে পড়ে যান। ঠিক তখনই আকস্মিক বজ্রপাত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় সাগর।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল কাইয়ূম গাজী বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
অন্যদিকে বজ্রপাতে নিহত শামীম মিয়া ও সাগর ইসলামের দাফনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার করে নগদ অর্থ সহায়তা করা হয়েছে।




