সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তার মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ফেসবুকে সরকারবিরোধী মন্তব্য করায় ময়মনসিংহের নারী উদ্যোক্তা সাথী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ সরকারের সমালোচনা করলেই কাউকে গ্রেপ্তার করা যায় না। সরকারের সমালোচনার কারণে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া মানবাধিকারের লঙ্ঘন। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনার দায়ে গ্রেপ্তার ময়মনসিংহের নারী উদ্যোক্তা সাথী আক্তারের মুক্তির দাবিতে গতকাল বুধবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় নারীশক্তির মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, গত ৮ মাসে বিএনপি সরকার গঠনের পর এখন পর্যন্ত নিজেদের মধ্যে সহিংসতায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪০ জনের মতো নেতাকর্মী নিহত হয়েছেন। এতে দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উদ্যোগ চোখে পড়ছে না। অথচ সাথী আক্তার ও আশরাফ উদ্দিন স্বজলরা যখন আক্ষেপ প্রকাশ করে বলে চব্বিশে আন্দোলন করে ভুল করেছিলাম, তখন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। অবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে এবং মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন এনসিপি সদস্য সচিব। আখতার হোসেন আরও বলেন, একদিকে সরকারের মন্ত্রী অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নামছে; অন্যদিকে তাদের এমপির ছেলে ছাত্রদলের নেতাকে পিটিয়ে হত্যা ও লুটপাট করছে। এটি খুবই আশ্চর্যজনক ঘটনা। মানবন্ধনে আরও বক্তব্য রাখেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু এমপি, সদস্য সচিব নুসরাত তাবাসসুম এমপি ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনজিলা ঝুমা।




