ভারত সফর হতে হবে সমমর্যাদা ও সমতার ভিত্তিতে: ডা. শফিকুর

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী সারা বিশ্ব সফর করতে পারেন। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত সফর করতেও কোনো অসুবিধা নেই। তবে সেই সফর হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে। বাংলাদেশের মানুষ আর কারও আধিপত্যবাদ মেনে নেবে না। গতকাল শুক্রবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, এ দেশের মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, সমমর্যাদার ও সমতার ভিত্তিতে সম্পর্ক চায়। আমরা কারও আধিপত্য মেনে নিতে প্রস্তুত নই। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে সরকারপ্রধান ও দলীয় প্রধান। তিনি চাইলে দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুস বাণিজ্যের টুঁটি চেপে ধরতে পারেন। তিনি চাইলে এসব বন্ধ করা সম্ভব। এখন বড় বিষয় হলো, তিনি এসব বন্ধ করতে চান কি না। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী এ দেশের মানুষের কাছে একটি আদর্শিক সংগঠনের নাম। মানুষের এই আস্থা অর্জনের জন্য সংগঠনটি দীর্ঘদিন ধরে মানুষের মাঝে ইসলামের দাওয়াত এবং আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির নেতাকর্মীদের জনমানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, কেউ যেন মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে, সে ব্যাপারে আমাদের নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে। রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমির ড. মাওলানা কেরামত আলী এমপি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। অনুষ্ঠানে বক্তব্য দেন দলের দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক। এ ছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, অধ্যক্ষ মো. শাহাদৎ হোসাইনসহ মহানগরীর শূরা সদস্য ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ। সম্মেলনে রাজশাহী মহানগরীর সহস্রাধিক রোকন সদস্য (নারী-পুরুষ) উপস্থিত ছিলেন।




