প্রধান খবররাজনীতি

জুলাই আন্দোলনে হামলার মামলায় আনিসুল-পলককে গ্রেফতার দেখানো হলো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এফএনএসকে এ তথ্য নিশ্চিত করেছেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিসহ অন্য আইনজীবীরা তাদের গ্রেফতার দেখানোর আবেদনের বিরোধিতা করে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন আবেদনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত আবেদন মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) আবুল কালাম হোসেন আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলককে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। মামলার তদন্ত এগিয়ে নেওয়া এবং তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আদালতে আবেদনটি করা হয়। আদালতে দেওয়া আবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেল আনুমানিক ৩টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। মামলার অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সশস্ত্র কর্মীরা ওই হামলায় অংশ নেন। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও মারধর করা হয়। এতে মামলার বাদী মো. আতিকুর রহমানসহ অনেক আন্দোলনকারী গুলিবিদ্ধ ও গুরুতর আহত হন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে ওই ঘটনার সঙ্গে আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলকের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তারা বর্তমানে অন্য মামলায় কারাগারে আটক রয়েছেন। এ মামলায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাদের গ্রেফতার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!