সারাদেশ

চট্টগ্রামে লগি-বইঠা হাতে বিএনপির এমপির বাড়ির সামনে মিছিল

চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির সংসদ সদস্য (এমপি) সরওয়ার জামাল নিজামের বাড়ির সামনে রামদা, লগি ও বইঠা হাতে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত বুধবার রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলাদ্বীপ এলাকার একটি সড়কে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, যে সড়কে মিছিলটি করা হয়েছে, সেখান থেকে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামিল নিজামের বাসভবনের দূরত্ব মাত্র ১০০ মিটার। মিছিলের সঙ্গে যুক্ত প্রত্যেকের মাথায় হেলমেট ছিল। মিছিল শেষ করার পর তারা ওই সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং দ্রুত সেখান থেকে চলে যায়। এই মিছিলের একটি ভিডিও গতকাল বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। উক্ত ভিডিওতে নিষিদ্ধঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের নাম এবং সংগঠনটির লোগো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ২৫ জন যুবক হেলমেট ও মুখোশ পরে সড়কে জড়ো হয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে। তাদের কারও হাতে ছিল লাঠিসোঁটা ও লগি-বইঠা, আবার কারও হাতে ছিল রামদা। মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, মিছিলের একটি ভিডিও আমরা দেখেছি। তারা মিছিলের নামে গাছ কেটে নৈরাজ্য চালানোর চেষ্টা করেছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে আমরা দুই জনকে আটক করেছি। ভিডিও দেখে বাকিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!