জামালপুরে কুড়িয়ে পাওয়া মার্টারশেল বিস্ফোরনের মাধ্যমে নিষ্ক্রীয়

জিএম বাবু, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামের পুকুর পাড় থেকে কুড়িয়ে পাওয়া মর্টার শেলটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রীয় করেছে সেনাবাহিনী।
ঘাটাইলের ১৯ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিট বৃহস্পতিবার বিকালে নিরাপদ স্থানে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রীয় করে। এ সময় এক কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বোমাটি নিষ্ক্রীয় করতে কাজ করেন ক্যাপ্টেন মাহফুজা আক্তার।
ক্যাপ্টেন মাহফুজা আক্তার জানান, এটি একটি মর্টার শেল ছিলো, তরে এটি সক্রিয় ছিল না। তবে এর ভিতরের উপাদান বিপদজনক। নিষ্ক্রীয় করার পর এলাকা নিরাপদ রয়েছে।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামের সাদা মিয়ার পুকুরে পাড়ে স্থানীয় এক নারী ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়ে পুকুর পাড়ে পড়ে থাকা মর্টারশেলটিকে লোহার টুকরো মনে করে কুড়িয়ে আনার সময় স্থানীয়দের চোখে পড়ে। এ সময় মরিচা ধরা পুরনো মর্টারশেলটি নিয়ে কৌতুহল সৃষ্টি হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মর্টারশেলটি তাদের হেফাজতে রাখে।




