জমজমাট জামালপুরের ঈদ বাজার

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে জমজমাট ঈদ বাজার। ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা দোকানে নতুন ডিজাইনের পণ্যের পসরা সাজিয়ে বসেছে, দশ রমজানের পর থেকেই বেচাবিক্রি ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা। তবে পণ্যের ডিজাইন আর বাড়তি দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ব্যবসায়ীরা বলছেন ডলারের দাম বাড়ার কারনে বিদেশী পণ্যের দাম বেশি হলেও দেশী পণ্য ক্রেতাদের ক্রয় সাধ্যের মধ্যেই রয়েছে।

বাড়তি মুনাফার আশায় প্রতি বছর রমজানের ঈদকে কেন্দ্র করে পোশাক আর সাজ-সজ্জার নিত্য নতুন পণ্যের প্রসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। আর ক্রেতারাও নিত্য নতুন পণ্য ক্রয়ের জন্য মুখিয়ে থাকেন এই সময়ের আশায়। গেলো বছর জামালপুরে রমজানের শেষ সময়ে বেচাবিক্রি ভালো হলেও এবার শুরু থেকেই বেচাকেনা ভালো হওয়ায় জমজমাট ঈদ বাজার। ঈদকে কেন্দ্র করে মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন বয়সী ক্রেতারা ঘুরে ঘুরে পছন্দের পোশাক আর প্রয়োজনীয় পণ্য কিনছেন। তবে ঈদের পণ্য আর দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ক্রেতারা বলছেন, ঈদের পোশাক কিনতে মার্কেটে আসলেও শো-রুমগুলোতে নতুন ডিজাইনের পোশাকের ঘাটতি রয়েছে, সেই সাথে পণ্যের বাড়তি দাম নিয়েও রয়েছে আপত্তি। আর ব্যবসায়ীরা বলছেন, ঈদ উপলক্ষে নিত্য নতুন ডিজাইনের পোশাকের পর্যাপ্ত মজুদ রয়েছে। কিন্তু গেলো বছরের চেয়ে এবছর প্রায় সব পণ্যের দাম বাড়তি, তবে রমজানের প্রায় শুরু থেকেই বেচাবিক্রি ভালো হওয়ায় খুশি তারা এবং শেষ কদিনে বেচাবিক্রি আরো বাড়বে বলে আশা তাদের।
জামালপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ইকরামুল হক নবীণ বলেন, ঈদকে কেন্দ্র করে মার্কেটগুলোতে নিত্য নতুন পণ্য উঠানো হয়েছে এবং বেতন-বোনাস হওয়ায় শুরু থেকেই বেচাবিক্রিও ভালো। তবে ডলারের দাম বেশি হওয়ায় এ বছর বিদেশী পণ্যের দাম তুলনামূলক বেশি হলেও দেশী সবপণ্যের দাম স্বাভাবিক এবং ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে।




