সরিষাবাড়ীতে মাদকের আগ্রাসন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মমিনুল ইসলাম কিসমত, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদক সেবন ও মাদক ব্যবসায়ীদের আগ্রাসন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাবারিয়াবাড়ী বাজারে এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন, সরিষাবাড়ী উপজেলার সর্বত্রই মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। পাড়া-মহল্লায় হাত বাড়ালেই মিলছে ইয়াবা, ফেনসিডেল, গাঁজা। এতে স্কুল কলেজ পড়ুয়া তরুণসমাজ ধ্বংসের মুখে পড়ছে। মাদকের টাকা জোগাতে এলাকায় চুরি, ছিনতাই, কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েই চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে এখনি জোরালো পদক্ষেপ নিতে হবে। এসময় মাদককে প্রতিহত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন বক্তারা।

এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুদ, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি বাপ্পি মিয়া, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি আব্দুল খালেক, মানববন্ধন আয়োজনের সমন্বায়ক প্রকৌশলী মাজাহারুল ইসলাম মানিক, অ্যাডভোকেট সাদ্দাম হোসেন খান, শিক্ষার্থী রাফিউ ইসলাম কাব্য, সাবেক কর কমিশনার এন এম আল মেরিন, শিক্ষক কবির খানসহ আরো অনেকেই।




