সৌদির সঙ্গে মিল রেখে মাদারগঞ্জে ঈদের জামাত অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলেও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের একটি জামাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৮টায় উপজেলার সিধুলী ইউনিয়নের কাজিয়াপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতের ইমামতি করেন মাওলানা আব্দুল্লাহ মিজান। জামাতে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
জানা যায়, মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের কাজিয়াপাড়া গ্রামের বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগে থেকেই রোজা পালন শুরু করেন এবং সৌদির সাথে মিল রেখেই ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবারও সৌদি আরবের নির্ধারিত তারিখ অনুযায়ী শুক্রবার ঈদ উদযাপন করেন তারা।

এ ঈদের জামাতে দুই শতাধিক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। খুতবায় ইমাম পবিত্র রমজান ও সিয়ামের তাৎপর্য তুলে ধরেন।




