কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: তদন্ত প্রতিবেদনে অনেকের অবহেলা চিহ্নিত

কুমিল্লার পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় অনেকের অবহেলাকে চিহ্নিত করে প্রতিবেদন দিয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। গতকাল রোববার তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী সাংবাদিকদের বলেন, “পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ের চার গেইটম্যান, বিজয়পুর লেভেলক্রসিংয়ের দুই গেইটম্যান, লালমাই রেলস্টেশন মাস্টার, দুজন লোকোমাস্টার, বাসের চালক ও সড়ক বিভাগ নির্মান কাজে অবহেলা প্রতীয়মান হয়েছে। “তদন্তে অন্তত ছয়টি বিষয়ে ব্যাতয় উঠে এসেছে। বেশ কয়েকজন ব্যক্তি ও বিভাগ দায়ী বলে প্রতীয়মান হয়েছে। তদন্ত প্রতিবেদনে মোট আটটি সুপারিশ করেছে কমিটি। ১১ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনটি জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে।” ২১ মার্চ রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে মোট ১২ জনের মৃত্যু হয়। আহত হন আটজন। এ ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- বিআরটিএর সহকারী পরিচালক ফারুক আলম, ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন, রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আসিফ খান চৌধুরী। ঘটনার পর এক বাস যাত্রীর করা মামলায় এ পর্যন্ত তিন গেইটম্যানকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।




