সারাদেশ

মাদারগঞ্জে ৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৪১০ লিটার দেশীয় মদ তৈরির উপকরণ, সাড়ে আট লিটার চোলাই মদ ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রদীপ দাস (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে মাদারগঞ্জ পৌরসভার চর গ্রাবেরগ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার প্রদীপ দাস ওই এলাকার মৃত ভুট্টো রবিদাসের ছেলে।
বৃহস্পতিবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা। তিনি বলেন, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার আসামিসহ পলাতকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ও ওসি (তদন্ত) তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে চর গ্রাবেরগ্রাম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রদীপ দাস, পলাতক সুবিধা রাণী বুচি ও সুনিয়া জাম্বুর বসতঘরের খাটের নিচে, রান্নাঘর ও টিউবওয়েলের পাশে তল্লাশি চালিয়ে ৪১টি প্লাস্টিকের জারকিনে রাখা ৪১০ লিটার দেশীয় মদ তৈরির উপকরণ (জাওয়া), ১৭ কেজি চিটাগুড়, সাড়ে আট লিটার চোলাই মদ এবং মদ বিক্রির নগদ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানকালে প্রদীপ দাসকে গ্রেপ্তার করা হলেও অন্য দুইজন পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!