সারাদেশ

ইসলামপুরে যমুনার দূর্গম চরে কিশোরর মৃত্যু নিয়ে ধুম্রজাল

রোকনুজ্জামান সবুজ, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলায় ফারদিন শেখ নামের এক কিশোরের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল। কবুতর চুরির অপবাদে ওই কিশোর গোয়ালঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি স্থানীয়দের।
বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনার দূর্গম চরাঞ্চল পশ্চিম মুন্নিয়াচর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফারদিন পশ্চিম মুন্নিয়াচর এলাকার শাহজাহানের ছেলে।
স্থানীয়রা জানান,পার্শবর্তী সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দিঘলকান্দি গ্রামে কবুতর চুরির অপবাদ দিয়ে ধরে নিয়ে যাওয়া হয় ফারদিনসহ একই এলাকার ইয়ামিন নামের আরেক কিশোরকে। পরে সেখান থেকে বাড়ি ফিরে গোয়ালঘরে ফারদিন ফাঁসি নিয়েছে বলে দাবি স্থানীয়দের।
মুন্নিয়াচর এলাকার সাবেক যুবদল নেতা আফসার উদ্দিন আকন্দ জানান, ফাঁদ পেতে কবুতর ধরাকে কেন্দ্র করে ওই কিশোরকে শাসন করা হয়, এতেই সে অভিমানে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে নিহতের মা ফরিদা বেগম জানান, ফারদিনের পেটের ব্যাথা ছিলো, তীব্র ব্যাথা সইতে না পেরে সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। স্থানীয়দের দাবি ও নিহতের পরিবারের সদস্যদের বক্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে, যা তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার উদঘান করার দাবি এলাকার সুধীমহলের।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম গাজী জানান,পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে বলেও জানান তিনি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!