সারাদেশ

মাদারগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ শুরু

খাদেমুল ইসলামপুর, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরবরাহ ও বিপণন ব্যবস্থা স্বাভাবিক রাখতে ‘ফুয়েল কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিকাজ নির্বিঘœ রাখতে কৃষকদের জন্য বিশেষ কৃষি ফুয়েল কার্ড এবং মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের চালকদের জন্য পৃথক ফুয়েল কার্ড বিতরণ করা হচ্ছে। প্রাথমিকভাবে উপজেলায় দুই হাজার মোটরসাইকেল চালক ও দুই হাজার কৃষককে এই কার্ড দেওয়া হবে।

ফুয়েল কার্ড পেতে সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চালকের ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হচ্ছে। কৃষকদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিলেই কার্ড পাওয়া যাবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, শুধুমাত্র ফুয়েল কার্ডধারী যানবাহনেই জ্বালানি তেল সরবরাহ করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত উপজেলার দুটি পাম্পে একযোগে তেল বিক্রি চলবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, জ্বালানি সংকট নিয়ে গুজবের কারণে কৃষকদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা দূর করতে এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে এই বিশেষ কার্ড চালু করা হয়েছে। এর মাধ্যমে কৃষকেরা নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় ডিজেল সংগ্রহ করতে পারবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি বিতরণ শুরু হলে তেলপাম্পগুলোতে শৃঙ্খলা ফিরবে এবং কালোবাজারি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এতে জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!