বিনোদন

ভ্যালেন্টাইনে ‘যে কথা হয়নি বলা’

ভালোবাসা দিবস এলেই যেখানে অসংখ্য নাটকের ভিড় দেখা যায়, সেখানে এবছর চিত্রটা কিছুটা আলাদা। নির্বাচনী ব্যস্ততার কারণে নাটকের সংখ্যা কম। এমন পরিস্থিতিতে ভ্যালেন্টাইন উপলক্ষে দর্শকদের জন্য ভিন্নধর্মী এক প্রেমের গল্প নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা জাকারিয়া সৌখিন। জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহাকে নিয়ে নির্মিত এই নাটকের নাম ‘যে কথা হয়নি বলা’। নাটকের গল্প আবর্তিত হয়েছে কাব্য নামের এক সংবেদনশীল তরুণকে ঘিরে। চরিত্রটিতে অভিনয় করেছেন জোভান। কবিতা লেখা, গান গাওয়া আর একটি রেস্টুরেন্টে নিয়মিত গান পরিবেশনের মধ্য দিয়েই কাব্যের জীবন চলে। ইন্টারমিডিয়েট পড়ার সময় থেকেই সে ভালোবাসে কুহু নামের এক মেয়েকে, যে চরিত্রে অভিনয় করেছেন নীহা। কিন্তু গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও কাব্য কখনো মনের কথাটি মুখে বলতে পারে না। একসময় কুহু এলাকা ছেড়ে চলে যায়। দীর্ঘ বিরতির পর আবার তাদের দেখা হয়। কুহুকে সামনে পেয়ে কাব্যের পুরনো, ধুলোমাখা প্রেম নতুন করে জেগে ওঠে। কিন্তু সংকোচ আর ভয় তাকে এবারও আটকে রাখে। মুখে উচ্চারণ করা হয় না সেই চিরচেনা বাক্য, ‘আমি তোমাকে ভালোবাসি’। তবে অনুভূতিগুলো চাপা পড়ে থাকে না। কবিতা আর গানের ভেতর দিয়েই নিজের অব্যক্ত প্রেমের কথা প্রকাশ করে কাব্য। শেষ পর্যন্ত কাব্য কি পারবে কুহুকে তার মনের কথাটি বলতে, নাকি ভালোবাসা থেকেই যাবে না-বলা কথার আড়ালে, সেই উত্তর মিলবে নাটকটি দেখলেই। নাটকটি নিয়ে জোভান বলেন, “এই নাটকটি আমাদের অনেক পরিশ্রমের ফসল। নীহার সঙ্গে আমার জুটিকে দর্শক সবসময় ভালোবাসেন। তার ওপর সৌখিন ভাইয়ার নির্মাণ, সব মিলিয়ে ভ্যালেন্টাইনে দর্শকের জন্য সুন্দর একটি উপহার হতে যাচ্ছে।”

অভিনেত্রী নাজনীন নীহা জানান, গল্পটি সহজ, সরল ও সাবলীল, যা ভালোবাসা দিবসের আবহের সঙ্গে দারুণভাবে মিশে গেছে। নির্মাতা জাকারিয়া সৌখিনের ভাষায়, এটি মূলত একটি মিউজিক্যাল ড্রামা। ভ্যালেন্টাইনকে সামনে রেখেই নাটকটি নির্মাণ করা হয়েছে এবং গল্পের জন্য জোভান ও নীহাকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে। নাটকটিতে থাকছে দুটি গান। প্রথম গানটির কথা ও সুর করেছেন সোমেশ^র অলি। দ্বিতীয় গানটির গীতিকার আহমেদ রিজভী এবং সুরকার নাজির মাহমুদ। প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, ‘যে কথা হয়নি বলা’ ভালোবাসা দিবসের আগেই সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

সম্পর্কিত প্রবন্ধ

Check Also
Close
Back to top button
error: Content is protected !!