৮ ব্যান্ড, ১২ শিল্পী, ২০ গান জন্মদিনে আইয়ুব বাচ্চুকে ফিরিয়ে আনছে ‘উত্তরাধিকার’

‘রুপালি গিটার’, ‘নীল বেদনা’, ‘মাধবী’, ‘সেই তুমি’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, আইয়ুব বাচ্চুর গাওয়া এমন বিশটি জনপ্রিয় গান এবার শোনা যাবে একেবারে নতুন সংগীতায়োজনে। দেশের আটটি ব্যান্ড ও বারোজন শিল্পীর কণ্ঠে সেজে উঠছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’। আজ রোববার আইয়ুব বাচ্চুর জন্মদিনে ডাবল সিডি ও ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে মুক্তি পাবে অ্যালবামটি। এই প্রকল্প থেকে পাওয়া অর্থ ব্যয় হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম গড়ার কাজে। অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দিয়েছে দলছুট, আরবোভাইরাস, সোনার বাংলা সার্কাস, শুভযাত্রা, ক্যালিপসো, রকসল্ট, ডোপামিন ও এ কে রাহুল। দলছুট গেয়েছে ‘রুপালি গিটার’, আরবোভাইরাস ‘নীল বেদনা’, সোনার বাংলা সার্কাস ‘গতকাল রাতে’, শুভযাত্রা ‘চলো বদলে যাই’, ক্যালিপসো ‘চাঁদ মামা’, রকসল্ট ‘অচেনা জীবন’, ডোপামিন ‘মাধবী’ আর এ কে রাহুলের কণ্ঠে উঠে এসেছে ‘মন চাইলে মন’। একক শিল্পীদের তালিকাও লম্বা, বাবনা করিম ও রাসেল আলী গেয়েছেন ‘হাসতে দেখো’, রোমেল আলীর কণ্ঠে ‘এখন অনেক রাত’, চন্দন জামান আলী-মেনন গেয়েছেন ‘মেয়ে’, কানিজ সুবর্ণা ও সাজ্জাদ মিলে গেয়েছেন ‘কষ্ট পেতে ভালোবাসি’। এ ছাড়া পলাশের ‘আপন কেহ নাই’, জয় শাহরিয়ারের ‘কষ্ট কাকে বলে’, অদিতের ‘ঘুমন্ত শহরে’, বখতিয়ার হোসেনের ‘রাতের তারা’, আতিকা ইয়ামিনের ‘ফেরারি এই মন’, অটামনাল মুনের ‘হকার’, কনক আচার্য্যরে ‘নীরবে’ এবং তওফিক-এবি-মেননের কণ্ঠে ‘বাংলাদেশ’ গানটি জায়গা পেয়েছে অ্যালবামে। পুরো প্রকল্পের গানগুলোর মাস্টারিং করেছেন ইকবাল আসিফ জুয়েল। আইয়ুব বাচ্চুর গান নতুন করে গাওয়ার অভিজ্ঞতা যে সহজ ছিল না, তা জানিয়েছেন শুভযাত্রা ব্যান্ডের ভোকাল শুভ। ‘চলো বদলে যাই’ গানটি তাঁরাই গেয়েছেন এই অ্যালবামে। শুভ বলেন, ‘সত্যি বলতে, এটা একটা ইমোশনাল জার্নি। বাচ্চু ভাইয়ের গান এমনিতে কাভার করা একরকম বিষয়, কিন্তু আনুষ্ঠানিকভাবে জানানোর পর কিছুটা ভয় লাগছিল। চন্দনা ভাবী বললেন, “চলো বদলে যাই”গানটা তুমি ভালো করবে। এরপর আমরা নেমে পড়লাম। টানা পাঁচ দিনে গানটি নতুন সংগীতায়োজনে তৈরি করেছি। জানি না শ্রোতাদের কেমন লাগবে, তবে আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না।’ আইয়ুব বাচ্চুর গিটারপ্রেমের কথা তাঁর ভক্তদের অজানা নয়। অস্ট্রিয়া থেকে যুক্তরাষ্ট্র, বিশে^র বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করেছিলেন নামী ব্র্যান্ডের গিটার। ‘ফেন্ডার স্ট্রাটোকাস্টার’, আইভানেজের ‘জেম সেভেনটি সেভেন’সহ প্রায় পঞ্চাশটি গিটার নিয়ে মিউজিয়াম গড়ার পরিকল্পনা করেছে তাঁর পরিবার ও আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। বর্তমানে মগবাজারের বাসায় সংরক্ষিত আছে গিটারগুলো। গিটারগুলোর সংরক্ষণ নিয়ে আইয়ুব বাচ্চুর স্ত্রী ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌস আক্তার বলেন, ‘যে তাপমাত্রায় রাখা হলে গিটারগুলো ঠিক থাকবে, আমরা সেভাবেই রেখেছি। আইয়ুব বাচ্চুর গিটার তাঁর আরেকটি অস্তিত্বের অংশ। সেটি যত্নে রাখার জন্য যা যা করণীয়, করে যাচ্ছি। যত দিন মিউজিয়াম বা মিউজিক্যাল লাউঞ্জ করতে না পারি, তত দিন এভাবেই যত্নে রাখব।’ বছর তিনেক আগে পরিবারের উদ্যোগে আইয়ুব বাচ্চুর কয়েকটি গিটার নিয়ে ঢাকা ও চট্টগ্রামে দুটি প্রদর্শনীও হয়েছিল। প্রায় আট বছর ধরে আইয়ুব বাচ্চুর গিটার, এবি কিচেনের যন্ত্রপাতি, ব্যবহৃত ক্যাপ ও টি-শার্টসহ নানা স্মারক নিয়ে মিউজিয়াম গড়ার স্বপ্ন দেখছে তাঁর পরিবার। ২০১৮ সালের ১৮ অক্টোবর ৫৬ বছর বয়সে মারা যান আইয়ুব বাচ্চু। তাঁর চলে যাওয়ার পরও গান, গিটারবাদন ও সৃষ্টির মধ্য দিয়ে ভক্তদের কাছে তিনি আজও সমান প্রাসঙ্গিক। শিল্পীর স্বপ্ন পূরণে ২০২০ সাল থেকে কাজ করে আসছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন, যা আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয় গত বছরের ৯ জুলাই। ফেরদৌস আক্তার এর আগে প্রথম আলোকে বলেছিলেন, ‘বাচ্চুর স্বপ্ন পূরণ করতে পারলেই আমি নিজেকে সার্থক মনে করব। চেষ্টা চালিয়ে যাচ্ছি। কবে তা পূরণ হবে, এখনো বুঝতে পারছি না। কারণ যে স্বপ্ন আইয়ুব বাচ্চু দেখেছেন, তা পূরণে পৃষ্ঠপোষকতা খুব জরুরি।’ সেই স্বপ্ন পূরণের পথেই এবার নেওয়া হয়েছে ‘উত্তরাধিকার’ প্রকল্প। প্রকল্পের সমন্বয়ক চিশতি ইকবাল জানান, কিছুদিন আগে ফেরদৌস আক্তার তাঁকে ফোন করে জন্মদিনে বিশেষ কিছু করার ইচ্ছার কথা জানান। এরপর আলোচনা করেই ঠিক হয় আইয়ুব বাচ্চুর গাওয়া কয়েকটি গান নতুন সংগীতায়োজনে প্রকাশ করা হবে। শেষ পর্যন্ত বিশটি গান নিয়ে দাঁড়ায় পূর্ণাঙ্গ অ্যালবাম ‘উত্তরাধিকার’। রোববার (১৬ আগস্ট) বেলা তিনটায় অ্যালবামটি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে প্রকল্পের বিস্তারিত তুলে ধরবেন ফেরদৌস আক্তার। একই দিন প্রকাশিত হবে ডাবল সিডি অ্যালবামটি, পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও মুক্তি পাবে গানগুলো। প্রকল্পটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দ্য ডেইলি স্টার।




