কারাগারের কড়া নিরাপত্তার মাঝেও বিলাসী জীবনযাপন করছেন ‘ডিডি’

কারাগারে থেকেও বিলাসী জীবন কাটাচ্ছেন মার্কিন সংগীত তারকা শন ‘ডিডি’ কম্বস-এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ফোর্ট ডিক্স ফেডারেল কারাগারের কয়েকজন বন্দি। চার বন্দির বরাতে এনবিসি নিউজ জানিয়েছে, নিজের জন্য রান্না, ঘর পরিষ্কার, কাপড় ধোয়া ও বিছানা গোছানোর মতো কাজ করাতে প্রতি মাসে হাজার হাজার ডলার খরচ করছেন কম্বস। সূত্রগুলোর দাবি, কারাগারের ভেতরের হিসাব ব্যবহার করে অন্য বন্দিদের এসব কাজের বিনিময়ে অর্থ দেওয়া হয়। তার জন্য বিশেষ খাবার রান্না করা, এমনকি চীনা কায়দায় মালিশের ব্যবস্থাও রয়েছে বলে দাবি করা হয়েছে। নিষিদ্ধ মোবাইল ফোন ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম দেখা এবং মদ ও বিষণ্নতানাশক ওষুধ কেনার অভিযোগও করেছেন কয়েকজন বন্দি। তবে এসব দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য প্রতিবেদনে নেই। কারাগারে নিষিদ্ধ সামগ্রী প্রবেশের সমস্যার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি ফোর্ট ডিক্সে মোবাইল ফোন, গাঁজা ও ছুরিসহ নিষিদ্ধ জিনিস পাচারের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুই কারারক্ষীও রয়েছেন। যৌন সম্পর্কের উদ্দেশ্যে দুই ব্যক্তিকে অঙ্গরাজ্যের সীমান্ত পার করানোর অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে কম্বস ৫০ মাসের কারাদণ্ড পেয়েছেন। যৌন পাচার ও সংঘবদ্ধ অপরাধের অভিযোগ থেকে খালাস পেলেও বর্তমানে তিনি সাজা ভোগ করছেন। গত বছরের অক্টোবরে তাকে ফোর্ট ডিক্সে নেওয়া হয়, যেখানে তিনি মাদক নিরাময় কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন। এর আগে আরেক বন্দির সঙ্গে মারামারির পর তাকে একাকী বন্দিত্বে রাখা হয়েছিল এবং পরে ওই কর্মসূচি থেকেও বাদ দেওয়া হয় বলে সূত্রগুলোর দাবি। তবে পরবর্তী সময়ে আবার অর্থের বিনিময়ে অন্য বন্দিদের দিয়ে বিভিন্ন কাজ করানোর অভিযোগ উঠেছে। কম্বসের মুখপাত্র এসব অভিযোগকে গুরুত্বহীন বলে দাবি করেছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কারাগার ব্যুরো নির্দিষ্ট কোনো বন্দির বিষয়ে মন্তব্য না করলেও মোবাইল ফোন, মাদক ও অস্ত্রসহ নিষিদ্ধ সামগ্রী কারাগারে প্রবেশ ঠেকাতে কাজ করার কথা জানিয়েছে।




