খেলাধুলা

স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ব্যানক্রফট

উসমান খাজার দাবির পর পুরো ক্রিকেট দুনিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। এবার যিনি টেম্পারিংটি করেছিলেন, সেই ব্যানক্রফটই মুখ খুলেছেন। তার দাবি অনুযায়ী, চরম মিথ্যাচার করেছেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স এবং খাজার দাবি শতভাগ সঠিক। বল টেম্পারিং ইস্যুতে ক্যারিয়ার থমকে যাওয়া সাবেক এই অজি ব্যাটার জানিয়েছেন, টেম্পারিংয়ের ঘটনা পুরো দল জানত। একমাত্র মিডিয়া ম্যানেজারই এর বিরোধিতা করেছিলেন যার কথা না শোনায় এখন শুধু আফসোসই হয় ব্যানক্রফটের। এদিকে অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স এক ঘণ্টারও বেশি সময়ের সংবাদ সম্মেলনে বিষয়টি অস্বীকার করায় ব্যানক্রফট নাকি এ ব্যাপারে মুখ খুলতে বাধ্য হয়েছেন। দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ানকে ব্যানক্রফট দাবি করেছেন, সতীর্থদের বাঁচাতে এবং বোর্ডকে সুরক্ষা দিতে এতদিন তিনি এ কথা গোপন করেছেন। ব্যানক্রফট লিখেছেন, ‘আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য গোপন করেছিলাম। এর মধ্যে ছিল স্যান্ডপেপার ব্যবহারের শুরু, কত দিন ধরে এটি চলেছিল এবং অন্যদের সম্পৃক্ততা ও বিষয়টি সম্পর্কে তাদের জানাশোনার ব্যাপার।’ অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের সাম্প্রতিক সংবাদ সম্মেলনকে নিজের এই বক্তব্য প্রকাশের পেছনে বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। ব্যানক্রফট বলেন, ‘আমার এই বিবরণ লেখার পেছনে শেষ ধাক্কাটা ছিল প্যাট কামিন্সের সংবাদ সম্মেলন। এতে আমি ক্ষুব্ধ, বিশ^াসঘাতকতার স্বীকার এবং একাকী বোধ করেছি। দক্ষিণ আফ্রিকা সফরে আমি যা দেখেছি, অভিজ্ঞতা অর্জন করেছি এবং যার মধ্য দিয়ে গিয়েছি, কামিন্সের সংবাদ সম্মেলন কিংবা গত কয়েক বছরে দেওয়া বক্তব্যের সঙ্গে তার কোনো মিল নেই।’ প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও মিচেল মার্শের সঙ্গে রিভার্স সুইং নিয়ে তার আলোচনা হয়েছিল এবং তাদের জ্ঞাতার্থেই টেম্পারিং করেছিলেন জানিয়ে বলেন, ‘বল কি রিভার্স সুইং করছে? এখনও হচ্ছে না, আরও কাজ করতে হবে। বোলারদের কাছ থেকে এমন প্রতিক্রিয়া পেলে আমি বলের ওপর আরও স্যান্ডপেপার ব্যবহার করতাম। বল নিয়ে আমার কাজ কার্যকর হচ্ছে কি না, তা জানার জন্য বোলার ও উইকেটকিপারের সঙ্গে কথা বলা ছাড়া আর কীভাবেই বা বুঝতাম?’ শুধু বোলাররাই নন, কোচিং স্টাফের কয়েকজনের কাছ থেকেও টেম্পারিং করতে উৎসাহ পেয়েছিলেন ব্যানক্রফট। তবে দলের মিডিয়া ম্যানেজার কেট হাচিসন এই কর্মকাণ্ডের বিরোধিতা করেছিলেন। ব্যানক্রফট লিখেছেন, ‘আমি কখনোই সেটা ভুলব না। কেউ একজন প্রতিবাদ জানিয়েছিলেন। দেখিয়েছিলেন, দলের অংশ হওয়ার অর্থ এই নয় যে দল যা করছে, সবকিছুই মেনে নিতে হবে। অথচ আমি তার সেই প্রতিবাদ উপেক্ষা করেছিলাম।’ ঘটনার শেষ পর্যায় নিয়েও নতুন তথ্য দিয়েছেন ব্যানক্রফট। তার দাবি, কোচ ড্যারেন লেম্যান ওয়াকিটকিতে পিটার হ্যান্ডসকমকে নির্দেশ দিয়েছিলেন তার কাছ থেকে দ্রুত স্যান্ডপেপার সরিয়ে নিতে। এই ঘটনা উল্লেখ করে ব্যানক্রফটের দাবি, লেম্যান যদি বিষয়টি সম্পর্কে না জানতেন, তাহলে এমন নির্দেশ দিতেন না। সবশেষে নিজের বক্তব্যে জোর দিয়ে তিনি লিখেছেন, ‘আর যদি ইতিপূর্বে বিষয়টি পরিষ্কার না হয়ে থাকে, তাহলে এবার তা একেবারেই স্পষ্ট। আমড়া সবাই বিষয়টি জানতাম।’

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!