বিনোদন

ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুললেন ফারিন খান

পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইলিং ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন ছোটপর্দার অভিনেত্রী ও মডেল ফারিন খান। সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে নিজের ওপর চলা এই নিপীড়নের কথা প্রকাশ করেন তিনি। তবে আপাতত অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করেননি এই অভিনেত্রী। লাইভে মানসিক বিপর্যয়ের কথা জানিয়ে ফারিন বলেন, ‘আমি একজন শিল্পী, অভিনয়ের বাইরেও আমার একটি ব্যক্তিগত জীবন আছে। আমি সবসময় তা মিডিয়া থেকে দূরে রাখতে চেয়েছি। কিন্তু এমন কিছু পরিস্থিতি তৈরি হয়, যখন বাধ্য হয়ে মুখ খুলতে হয়। আমার চেহারা দেখলেই বুঝতে পারবেন আমি কতটা মানসিকভাবে বিপর্যস্ত।’ ফারিন জানান, অভিযুক্ত ব্যক্তি তার পূর্বপরিচিত। ওই ব্যক্তি অভিনেত্রীর সহকর্মীদের কাছে তার ব্যক্তিগত ভিডিও ও কথোপকথন ছড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ফারিন বলেন, ‘সে আমাদের জানাশোনা একজনই। এখন আমার অনেক কলিগদের কাছে সে আমার ভিডিও এবং ব্যক্তিগত কথাবার্তা শেয়ার করছে। যাদের কাছে শেয়ার করছে তাদেরকেও আমি ফেস করতে চাঁই। তারা বিষয়গুলো কীভাবে দেখছে সেটা নিয়েও কথা বলব।’ অভিযুক্ত ব্যক্তির দ্বিমুখী আচরণের সমালোচনা করে তাকে ‘চিটার ও ভণ্ড’ বলে উল্লেখ করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি অবাক হই একটা মানুষ কতটা হিপোক্রেট হয়! সে মালয়েশিয়া বসে মক্কার নাম বলে, কতটা মিথ্যাবাদী, চিটার, ভণ্ড!’ নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট ও মুঠোফোন একাধিকবার হ্যাক হওয়ার কথাও জানান ফারিন খান। তার দাবি, ব্যক্তিগত অনেক নথিপত্র ওই ব্যক্তির দখলে রয়েছে। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সে অনেকবার আমার আইডি হ্যাক করেছে। আমার ফোন হ্যাক করেছে। আমার অনেক ডকুমেন্ট তার কাছে রয়েছে, যেটা নিয়ে আমড়া আইনি প্রক্রিয়ার মধ্যে আছি। আমার কোনো ব্যক্তিগত কথাবার্তা, ক্লিপস বা কোনো কিছু যদি কারও কাছে সে পাঠাতে চায় বা দেখাতে চায়, আপনারা অবশ্যই আমাকে অবগত করবেন। আর কোনো কিছু লিক হলে এর জন্য সে অবশ্যই দায়ী থাকবে।’ আগামী দুই-তিন দিন শুটিংয়ের ব্যস্ততা থাকায় এখনই অভিযুক্তের নাম প্রকাশ করছেন না ফারিন। তবে কাজ শেষ করে অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে সবকিছু প্রকাশ্যে আনবেন বলে জানান তিনি। সবার কাছে দোয়া চেয়ে ফারিন খান বলেন, ‘সব কাজ শেষ করে আমি আমার অভিভাবকদের নিয়ে বসে বিস্তারিত জানাব এবং সাংবাদিকদের ডেকে অফিশিয়ালি নাম প্রকাশ করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন এমন ভয়াবহ মানুষের হাত থেকে রক্ষা পাই।’

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!