বিনোদন

প্রেক্ষাগৃহে আসছে অপুর ‘শিকার’

বছরের শুরুতে ওয়েব ফিল্ম হিসেবে ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্মের পরিবর্তে বড় পর্দার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মিত হতে যাচ্ছে চিত্রনায়িকা অপু বিশ^াস অভিনীত ‘শিকার’। নির্মাতা কামরুজ্জামান রোমানের পরিচালনায় চলতি মাসেই সীমান্ত এলাকার থ্রিলার গল্প নিয়ে তৈরি এই সিনেমার শুটিং শুরু হচ্ছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী গত মার্চে শুটিংয়ের কথা থাকলেও প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় সময় কিছুটা পিছিয়েছে বলে নির্মাতা জানিয়েছেন। জানা গেছে, এই প্রোজেক্ট নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনা করলে তারা সম্মতি দেয়। এরপর সিনেমা বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিনেমার সিংহভাগ দৃশ্যধারণ হবে নেপালে। ছবির বাজেট, গল্প ও কাস্টিংয়ের ব্যাপ্তি বিবেচনা করেই এটিকে বড় পর্দায় আনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে এই সিনেমায় অপু বিশ^াসকে একটি গ্ল্যামারাস চরিত্রে দেখা যাবে। এতে তার বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দার অভিনেতা মুরতজা পলাশ। শুটিং শুরুর আগেই সিনেমার গানের রেকর্ডিংয়ের কাজ গুছিয়ে নেওয়া হয়েছে। কবির বকুলের কথায় ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। গানটির সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই। এছাড়া আকাশ মাহমুদের সুর ও কণ্ঠে আরও একটি বিরহ ঘরানার গান থাকছে এই চলচ্চিত্রে। আরও জানা গেছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে ক্যামেরার সামনে দাঁড়াতে পুরো ইউনিটের নেপালের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!