সারাদেশ

মাদারগঞ্জে দুই মণ নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মৎস্য আড়তে বিক্রির উদ্দেশ্যে রাখা প্রায় দুই মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে উপজেলার বালিজুড়ী বাজারের থানার মোড় মৎস্য আড়তে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। পরে উপজেলা চত্বরে পেট্রোল দিয়ে পুড়িয়ে ও মাটিতে পুঁতে মাছগুলো ধ্বংস করা হয়। অভিযানের সময় মাছ বিক্রেতাকে পাওয়া যায়নি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান খান, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী শেখ আল আমিন, গণমাধ্যমকর্মী, পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, পিরানহা মাছের চাষ ও বাজারজাতকরণ সরকারিভাবে নিষিদ্ধ। এটি দেখতে অনেকটা রূপচাঁদা মাছের মতো হওয়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ ক্রেতাদের বিভ্রান্ত করে বিক্রি করছেন। মঙ্গলবার বিকেলে বালিজুড়ী বাজারের থানার মোড় মৎস্য আড়তে বিক্রির উদ্দেশ্যে রাখা প্রায় ৮০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। পরে মাছগুলো ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!