সারাদেশ

মাদারগঞ্জে  নিষিদ্ধ পলিথিন জব্দ করে তিন দোকানিকে জরিমানা

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এসময় নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুতের দায়ে তিন দোকানিকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার বালিজুড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে জব্দ করা নিষিদ্ধ পলিথিন পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিকেলে বালিজুড়ী বাজারের কয়েকটি দোকানে অভিযান চালিয়ে প্রায় ৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় মোরাদ স্টোর, সুমন স্টোরসহ তিনটি দোকানের মালিককে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুতের দায়ে এক হাজার করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে আইনের ১৫(১) ধারায় তাদের জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও। অভিযানে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ সহযোগিতা করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। পলিথিনের ব্যবহার, বিক্রি ও মজুত বন্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!