ভারতের শোচনীয় হারের পর যা বললেন রায়ান টেন ডেসকাট

আয়ারল্যান্ডের পর এবার ইংল্যান্ডের কাছেও টি-টোয়েন্টি সিরিজ হারল ভারত। এমন ব্যর্থতার পর দলের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট অকপটে স্বীকার করেছেন, এই হারগুলোর সব ব্যর্থতা দলেরই। কোনো অজুহাত না খুঁজেই ভারতের টিম ম্যানেজমেন্ট দায় চাপাচ্ছে নিজেদের মলিন পারফরম্যান্সে। ডেসকাট বলেন, ‘এই পারফরম্যান্সের সম্পূর্ণ দায় আমাদেরই। আমরা খুবই বাজে খেলেছি।’ যদিও বিশ^কাপ জেতার বেশি দিন হয়নি। তাও টানা দুইবারের বিশ^চ্যাম্পিয়ন এখন টিম ইন্ডিয়া। কোচ তাই বললেন, ‘তবে এটাও মনে রাখতে হবে, এই দলের বেশিরভাগ খেলোয়াড়ই মাত্র চার মাস আগে বিশ^কাপ জিতেছে। এই ম্যাচগুলো থেকে শিক্ষা নেওয়া, খেলোয়াড়দের ওপর আস্থা রাখা এবং অতীতে দেশের জন্য তারা যা করেছে, সেটার মূল্য দিয়ে তাদের আরও কিছুটা সময় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা দলকে স্পষ্টভাবে বলেছি, বিদেশের কন্ডিশনে আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছি না- এই বাস্তবতাটা মেনে নিতে হবে।’ সর্বশেষ বিশ^কাপে ভারতের অধিনায়ক ছিলেন সূর্যকুমার যাদব। যদিও বিশ^কাপের পর আর এক ম্যাচও খেলার সুযোগ পাননি তিনি। নতুন অধিনায়ক করা হয়েছে শ্রেয়াস আইয়ারকে, যার অধীনে এখনও কোনো জয়ের দেখা মেলেনি। ডেসকাট বলেন, ‘সূর্যকুমার যাদব অসাধারণ একজন অধিনায়ক ছিল। কিন্তু তার বয়স এবং দুই বছর পর অস্ট্রেলিয়াকে সামনে রেখে ভাবলে, কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। বিষয়টি বাইরে থেকে দেখতে খুব একটা ভালো লাগছে না।’ তিনি আরও বলেন, ‘শ্রেয়াসকে অধিনায়ক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য কিছুটা সময় দিতে হবে। পাশাপাশি খেলোয়াড়দেরও তার নেতৃত্বের ধরনে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে হবে। সে যেভাবে দায়িত্ব পালন করছে, তাতে আমি সত্যিই মুগ্ধ। আমি নিশ্চিত, সময়ের সঙ্গে সঙ্গে অধিনায়ক হিসেবে সে তার প্রাপ্য সাফল্য পাবে।




