খেলাধুলা

বার্সেলোনায় এসেই মুগ্ধ গর্ডন, ‘এখনই বাড়ির মতো লাগছে’

বার্সেলোনায় যোগ দিয়েই নতুন ক্লাব ও শহরের পরিবেশে মুগ্ধ অ্যান্থনি গর্ডন। প্রাক-মৌসুমে এলচের বিপক্ষে অভিষেক ম্যাচে বদলি হিসেবে নেমে দুটি গোলে সহায়তা করার পর ইংলিশ উইঙ্গার বলেছেন, বার্সেলোনায় আসার পর থেকেই তার দারুণ সময় কাটছে এবং ক্লাবটিকে এখনই নিজের বাড়ির মতো মনে হচ্ছে। এভারটনে ছয় মৌসুম কাটানোর পর নিউক্যাসল ইউনাইটেডে তিন মৌসুম খেলেছেন গর্ডন। এরপর বার্সেলোনায় যোগ দেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। নতুন ক্লাবের হয়ে প্রাক-মৌসুমে রোববারই তার অভিষেক হয়। এলচের বিপক্ষে ম্যাচে ৬৪তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন গর্ডন। অল্প সময়ের মধ্যেই নিজের সামর্থ্যরে ছাপ রাখেন তিনি। বার্সেলোনার ৫-০ গোলের বড় জয়ে দুটি গোলে সহায়তা করেন এই ইংলিশ উইঙ্গার। অভিষেকের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে গর্ডন বলেন, সতীর্থদের কাছ থেকে তিনি উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। এতে নতুন ক্লাবে মানিয়ে নেওয়ার কাজটাও সহজ হয়েছে তার জন্য। “আমার খুব ভালো লাগছে। এখানে আসার পর থেকেই খুব ভালো লাগছে। ছেলেরা আমাকে খুব আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে, এখনই আমার বাড়ির মতো লাগছে।” শুধু ক্লাব নয়, বার্সেলোনা শহরের পরিবেশও গর্ডনকে মুগ্ধ করেছে। এখানকার মানুষের বন্ধুত্বপূর্ণ আচরণ তাকে দ্রুত আপন করে নিয়েছে বলে জানান তিনি। গর্ডন বলেন, “শহরটা অসাধারণ। এখানকার মানুষজন খুব বন্ধুত্বপূর্ণ। যতদিন এখানে থাকব, ততই ভালো খেলতে থাকব।” নতুন ক্লাবের হয়ে প্রথম ম্যাচেই বড় জয় পাওয়ায় উচ্ছ্বসিত গর্ডন। এলচের বিপক্ষে বার্সেলোনার পারফরম্যান্সকে প্রায় নিখুঁত হিসেবে দেখছেন তিনি। পাঁচ গোল করার পাশাপাশি কোনো গোল হজম না করাকেও বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এই উইঙ্গার। গর্ডনের ভাষায়, “এটা ছিল একদম শীর্ষ মানের পারফরম্যান্স। আমাদের শুরুটা নিখুঁত হয়েছে। পাঁচটি গোল করেছি এবং কোনো গোল হজম করিনি।” দলের আক্রমণভাগের পারফরম্যান্সের পাশাপাশি রক্ষণভাগের খেলাও প্রশংসা করেছেন গর্ডন। তার মতে, গুরুত্বপূর্ণ সময়ে ডিফেন্ডারদের কয়েকটি দারুণ ট্যাকল ও ব্লক দলকে পূর্ণাঙ্গ পারফরম্যান্স উপহার দিয়েছে। তিনি বলেন, “আমরা চমৎকার ফুটবল খেলেছি, দারুণ কিছু গোল করেছি এবং আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ডিফেন্ডাররা শেষ মুহূর্তে কিছু চমৎকার ট্যাকল ও ব্লক করেছে। সব মিলিয়ে পরিপূর্ণ পারফরম্যান্স।”

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!