চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কিছু কনটেইনার পুড়ে গেছে। এ ঘটনায় সেখানে কার্যক্রম পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে টার্মিনালে দক্ষিণ দিকে চার নম্বর বার্থে একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি)-৪০১৪ ক্রেনে আগুনের সূত্রপাত হয়। এর পরপরই বন্দর এলাকায় সতর্কতা জারি করা হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে জেটি এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। তিন নম্বর জেটির সামনের ইয়ার্ডে থাকা কয়েকটি পণ্যবোঝাই কনটেইনারেও আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। চট্টগ্রাম বন্দরের সচিবের অতিরিক্ত দায়িত্বে থাকা মো. নাসির উদ্দিন বলেন, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার ইউনিটের সদস্যরা যোগ দিলে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। বন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।




