ফিফা ওয়াল্ড কাপ ২০২৬

বিশ্বকাপে গোলের সিংহাসন আবার ব্রাজিলের, জার্মানিকে টপকে নতুন রেকর্ড

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা দলের মর্যাদা আবারও নিজেদের করে নিয়েছে ব্রাজিল। হাইতিকে ৩,০ গোলে হারিয়ে সেলেসাওদের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৪১, যা জার্মানির ২৩৯ গোলকে ছাড়িয়ে গেছে। এই জয়ে শুধু রেকর্ডই ফিরে পায়নি ব্রাজিল, গোল ব্যবধানেও উঠে এসেছে ‘সি’ গ্রুপের শীর্ষে।
বিশ্বকাপ শুরুর আগে গোলের তালিকায় ব্রাজিলের ছিল ২৩৭ গোল, আর জার্মানির ২৩২। তবে টুর্নামেন্টের শুরুতে হিসাব বদলে যায়। মরক্কোর বিপক্ষে ১,১ গোলে ড্র করে ব্রাজিল মাত্র এক গোল যোগ করতে পারে। অন্যদিকে কুরাসাওকে ৭,১ গোলে উড়িয়ে জার্মানি তাদের মোট গোলসংখ্যা ২৩৯ এ নিয়ে গিয়ে সাময়িকভাবে শীর্ষস্থান দখল করে।
তবে সেই সিংহাসন বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইউরোপের দলটি। হাইতির বিপক্ষে দাপুটে জয়ে তিনবার জাল খুঁজে নেয় ব্রাজিল। মাতেউস কুনিয়ার জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোলে ২৪১ গোলের মাইলফলকে পৌঁছে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দলের আসন আবার নিজেদের করে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
রেকর্ড পুনর্দখলের পাশাপাশি গ্রুপ পর্বেও সুবিধাজনক অবস্থানে চলে গেছে ব্রাজিল। গোল ব্যবধানে মরক্কোকে পেছনে ফেলে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠেছে তারা। ২৪ জুন মিয়ামিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা। অন্যদিকে জার্মানির পরবর্তী প্রতিপক্ষ আইভরি কোস্ট।
বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে দুই শতাধিক গোল করার কীর্তি গড়তে পেরেছে মাত্র দুটি দল, ব্রাজিল ও জার্মানি। এই তালিকায় ১৫২ গোল নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ফ্রান্স ও ইতালির গোলসংখ্যা যথাক্রমে ১৩৬ ও ১২৮।
বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল ও জার্মানির এই রেকর্ড লড়াই নতুন মাত্রা পেয়েছে চলতি আসরে। প্রথম ম্যাচের পর শীর্ষস্থান হারালেও দ্বিতীয় ম্যাচেই তা পুনরুদ্ধার করে ফুটবলের সবচেয়ে সফল দলটি আবারও দেখিয়ে দিল, বিশ^কাপের গোলের ইতিহাসে তাদের আধিপত্য এখনো অটুট।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!