
খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
শুরু হয়েছে ফুটবলের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপ, আর ফুটবল বিশ^কাপ মানেই ভক্তদের ব্যতিক্রমই সব উন্মাদনা। বিশ্বকাপ ফুটবলের এমন উন্মাদনায় পিছিয়ে নেই জামালপুরও। ফুটবল বিশ্বকাপ ঘিরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ব্রাজিল সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রিয় দল ব্রাজিলের সমর্থনে শনিবার বিকেলে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন স্থানীয় সমর্থকরা।
মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী এফ এম উচ্চবিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শোভাযাত্রাটি বালিজুড়ী বাজার, গাবেরগ্রাম বাজার, জোনাইল বাজার ও থানার মোড় প্রদক্ষিণ করে উপজেলা হাওয়াই রোড এলাকায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ব্রাজিলের পতাকা, স্লোগান এবং সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ এতে অংশ নেন। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারাও করতালি দিয়ে শোভাযাত্রাকে স্বাগত জানান।
ব্রাজিল সমর্থক রিয়াজুল ইসলাম বলেন, ফুটবল বিশ্বকাপ এলেই অন্যরকম এক আবেগ কাজ করে। ব্রাজিল শুধু একটি দল নয়, এটি আমাদের অনুভূতির অংশ। ছোটবেলা থেকেই তাদের নান্দনিক ফুটবল দেখে সমর্থন করে আসছি। আশা করি এবার ট্রফি ব্রাজিলের হাতেই উঠবে।
আরেক সমর্থক সিরাজুল ইসলাম বলেন, ব্রাজিল দলে অনেক বিশ্বমানের খেলোয়াড় রয়েছেন। দলের প্রতি আমাদের আস্থা রয়েছে। বিশ্বকাপে ভালো কিছু দেখবে ফুটবলপ্রেমীরা।
ব্রাজিল সমর্থক মোস্তাকিম বলেন, ফুটবল মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি সৃষ্টি করে। ব্রাজিলের খেলা দেখার আনন্দই আলাদা। তাই প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে আমরা সবাই একত্রিত হয়েছি।
ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রায় মাহফুজ নামে এক আর্জেন্টিনা ও নেইমারের সমর্থক উপস্থিত ছিলেন। ওই ভক্ত ব্রাজিলের শোভাযাত্রায় আর্জেন্টিনার জার্সি গায়ে থাকলেও সেই জার্সির পেছনে তার প্রিয় খেলোয়ার নেইমারের নাম লেখা ছিলো। এ সময় মাহফুজ জানান, সে মনে প্রাণে আর্জেন্টিনার সমর্থক, কিন্তু তার প্রিয় খেলোয়ার হচ্ছে ব্রাজিলের নেইমার। এখন একসাথে দুই দেশের জার্সি তো পরা সম্ভব নয়, তাই আর্জেন্টিনার জার্সিতেই প্রিয় খেলোয়ার নেইমারের নাম লিখেনিয়েছন।
শোভাযাত্রার অন্যতম আয়োজক মেহেদী হাসান টুটুল জানান, ব্রাজিল বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল দল। ছোটবেলা থেকেই ব্রাজিলের খেলা দেখে বড় হয়েছি। তাদের ডিফেন্সিভ ও নান্দনিক ফুটবল সবসময় আমাদের মুগ্ধ করে। বিশ্বকাপকে সামনে রেখে সমর্থকদের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাস ভাগাভাগি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রাজিল আমাদের কাছে শুধু একটি দল নয়, এটি ভালোবাসা ও আবেগের প্রতীক। আমরা আশা করছি, এবার ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ জিতে ‘হেক্সা’ পূরণের স্বপ্ন বাস্তবায়ন করবে।




