সারাদেশ

মাদারগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জলবায়ু সহনশীল ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে আমগাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী । পরে পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় উপজেলার সাতটি ইউনিয়নের প্রতিটিতে ১ হাজার ৮০০টি করে, পৌরসভায় ১ হাজারটি এবং উপজেলা পর্যায়ে ৫০০টি, উপজেলা প্রকৌশলী দপ্তর ৫০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণকে আরও বেশি করে বৃক্ষরোপণে উৎসাহিত করা হবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!