জামালপুরে এফএনবি’র ত্রৈমাসিক সভা

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে এনজিও ফেডারেশন বাংলাদেশ (এফএনবি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জামালপুরে ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে এফএনবি জেলা শাখার এই সভা অনুষ্ঠিত হয়।
এফএনবি জামালপুর জেলার সভাপতি ও উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন এফএনবি জামালপুর জেলার সাধারণ সম্পাদক ও ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. শফিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন এফএনবির সহ-সভাপতি ও এসএসএস-এর জোনাল ম্যানেজার আবুল বাসার সরদার, কোষাধ্যক্ষ ও বুরো বাংলাদেশের জোনাল ম্যানেজার মো. আতাউর রহমান, সমাজ সেবা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আমিনুল ইসলাম, টিএমকেএস-এর নির্বাহী পরিচালক শামিমা খান, এএসপিএস-এর নির্বাহী পরিচালক মো. জাহিদুল ইসলাম, গণচেতনার প্রকল্প সমন্বয়ক ফাতেমা নার্গিস, আশার এসডিএম মো. নজরুল ইসলাম, সাজেদা ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মো. শাহিনুর রহমানসহ সদস্যভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
সভায় ফেডারেশনের চলমান কার্যক্রম, উপজেলা ভিত্তিক কমিটি গঠন, সদস্য প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি, সাংগঠনিক উন্নয়ন, মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সদস্যবৃন্দ এনজিও খাতের কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।
এফএনবি সেন্ট্রাল কাউন্সিলের স্থায়ী সদস্য হিসেবে উন্নয়ন সংঘ (ইউএস) মনোনীত হওয়ায় সভায় উপস্থিত সদস্যরা প্রতিষ্ঠানটির প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের রেগুলেটরি অ্যাফেয়ার্স ইউনিটের বিভাগীয় ব্যবস্থাপক অনিক আহম্মেদ অপু। তিনি উপজেলা ভিত্তিক কমিটি গঠনের গুরুত্ব তুলে ধরে এফএনবির কার্যক্রমকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও টেকসই করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সভা শেষে এনজিও খাতের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জেলার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।




