আমরা কি হাতে চুরি পরে এসেছি, আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো
জামালপুর সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা

জিএম বাবু, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা করাকে কেন্দ্র সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। ৩০ মিনিট পতাকা বৈঠক করেও কোন সুরাহা না হওয়ায় সীমান্তে অবস্থান নিয়েছে বিজিবি ও স্থানীয়রা। বিএসএফ জোয়ানের গুলি করার কথা নিয়ে বিজিবি-বিএফএফের মধ্যে চরম উত্তেজনা।
জানা গেছে, বুধবার সকাল ৫টার দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিষয়টি টের পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী পুশইন প্রতিরোধ করে। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নেয় ৬০ বছর বয়সি ওই ব্যক্তি। এ নিয়ে সীমান্তে উত্তেজনা দেখা দিলে সকাল সাড়ে ১০টায় জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ও ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের একজন পরিদর্শকের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু বৈঠকে বিএসএফ ওই ব্যক্তিকে ফেরত না নিয়ে নো ম্যান্স ল্যান্ডে রেখেই চলে যায়। বৈঠক সফল না হওয়ায় নতুন করে উত্তেজনা দেখা দেয় সীমান্তে। বিএসএফ বার বার ওই ব্যক্তিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও প্রতিরোধের মুখে ফিরে যাচ্ছেন ওই ব্যক্তি। এ সময় বিএসএফের এক জোয়ান বিজিবিকে উদ্দেশ্য করে গুলি করার কথা বললে বিজিবির সদস্যরা তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা কি হাতে চুরি পরে এসেছি, আপনারা গুলি করলে কি আমরা বসে থাকবো। এ সময় উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা শুরু হয়, সীমান্তবর্তী সাধারণ জনতাও বিজিবির সাথে প্রতিবাদ শুরু করে।
৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, সকালে এক ব্যক্তিকে ভারত থেকে শুন্য রেখায় ঠেলে পাঠায় বিএসএফ। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশে অবস্থান নিয়েছি।




