সারাদেশ

‘কাইল্লা’ পলাশকে গুলি: ‘শুটারকে বহনকারী’ বাইকার গ্রেপ্তার

রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা’ পলাশকে গুলির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, মো. ইমাম হোসেন নামে ওই যুবক পলাশের ওপর গুলি চালানো ব্যক্তিকে বাইকে করে ঘটনাস্থল থেকে পালাতে সহায়তা করেন। গত শনিবার বিকালে ঢাকার বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ইমামকে গ্রেপ্তারের কথা বলছেন হাতিরঝিল থানার ওসি আসাদুজ্জামান। ওসি বলেন, ইমামকে গতকাল রোববার তাকে আদালতে নেওয়া হয়। ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরে রিমান্ড আবেদন করা হলে আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, “গুলির পর যে মোটরসাইকেলে করে শুটার পালিয়েছে, সেটির চালক ছিলেন ইমাম।” গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করার তথ্য দিয়েছেন এ কর্মকর্তা। গত শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের উল্টো দিকে নিজের বাসার কাছে পলাশ গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ বলছে, ২০০২ সালের ২৯ মে রামপুরায় যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি ‘কাইল্লা’ পলাশ। ওই মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ড দিলেও পরে উচ্চ আদালত সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গুলিবিদ্ধ হওয়ার প্রায় এক মাস আগে জামিনে কারাগার থেকে মুক্তি পান পলাশ।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!