সরিষাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

মমিনুর ইসলাম কিসমত, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গলায় লিচুর বিচি আটকে ইয়াসিন মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত ইয়াসিন(১০) স্থানীয় এক মাদ্রাসার তৃতীয় শ্রেণেীর শিক্ষার্থী এবং ওই গ্রামের শাহীন মিয়ার ছেলে।
পরিবার ও হাসপাতাল সুত্রে জানা যায়, শাহীন মিয়া স্থানীয় বাজার থেকে পরিবারের জন্য কিছু লিচু কিনে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত তার ছেলে ইয়াসিনের গলায় লিচুর বিচি আটকে যায়। এ সময় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করে।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দেবাশীষ রাজবংশী জানান, শিশুটিকে তার পরিবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে এনেছিল, কিন্তু তার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।




