সারাদেশ
মাদারগঞ্জে ১৭ হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ১৯ কার্টুন খেজুর বিতরণ
খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ :
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১৭টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় সৌদি আরব থেকে আসা ১৯ কার্টুন খেজুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে মাদারগঞ্জ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমের সামনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এসব খেজুর তুলে দেওয়া হয়।
পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবের কিং সালমান মানবিক ত্রাণ সহায়তা কেন্দ্র থেকে পাঠানো এসব খেজুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, বিভিন্ন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার মুহতামিম, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তাজ উদ্দিন বলেন, এ ধরনের মানবিক সহায়তা অসহায় ও এতিম শিশুদের মধ্যে আনন্দের সঞ্চার করেছে। এতে মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা উপকৃত হয়েছেন। এজন্য তারা সৌদি সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, মাদারগঞ্জ উপজেলায় ১৯ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি মাদরাসায় দুই কার্টুন করে এবং বাকি মাদরাসাগুলোতে এক কার্টুন করে খেজুর বিতরণ করা হয়েছে। প্রতিটি কার্টুনে ৮ কেজি করে খেজুর রয়েছে। তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের ইফতার সহজ করতে সৌদি আরব সরকারের পক্ষ থেকে এই উপহার প্রদান করা হয়েছে।
সুমন চৌধুরী বলেন, রমজান মাসে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। সরকার ও বিভিন্ন দেশের এমন মানবিক সহায়তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।




