সারাদেশ
জ্বালানি সংকটে ইসলামপুরে সড়ক অবরোধ

রোকনুজ্জামান সবুজ, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির প্রতিবাদে জামালপুরের ইসলামপুর উপজেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিক, মোটরসাইকেল চালক ও স্থানীয় বাসিন্দারা। সোমবার সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করে।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে ডিজেল ও অকটেনের সরবরাহ অস্বাভাবিকভাবে কমে গেছে। ফলে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করে জনজীবনে স্থবিরতা নেমে আসে।
সোমবার সকালে তেল সংগ্রহে ব্যর্থ হয়ে ক্ষুব্ধ চালকরা ইসলামপুর পৌরসভা টংগের আলগা ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বিক্ষোভকারীদের দাবি, কিছু অসাধু পাম্প মালিক জ্বালানি তেল মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে। ঘটনার ফলে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম গাজী বলেন, ওই ফিলিং স্টেশনে আজ জ¦ালানি দেওয়ার কোন পরিকল্পনা ছিলনা। স্যোসাল মিডিয়ায় বিভ্রান্তিকর পোষ্ট থেকেই এমন ভুল বোঝাবুঝি হয়েছে। খবর পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।




