
নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল করেছে জেলা যুবদলের সদস্য সচিব ও মেয়র প্রার্থী সোহেল রানা খান। এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রবিবার সন্ধ্যায় শহরের তাজ ক্যাফেতে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান ছাড়াও জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের সাংবাদিক মুকুল রানা, বাংলারচিঠির নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু, ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের শুভ্র মেহেদী, এসএ টিভি ও বাংলাদেশ বেতারের ফজলে এলাহী মাকাম, চ্যানেল আইয়ের হাফিজ রায়হান সাদা, এটিএন বাংলার লুৎফর রহমান, সময় টিভির জাহাঙ্গীর আলম, চ্যানেল ওয়ানের তানভীর আহমেদ হীরা, বাংলাদেশ বুলেটিনের লিয়াকত হোসাইন লায়ন, এখন টিভির জুয়েল রানা, এনটিভির আসমাউল আসিফ, নিউজ টুয়েন্টিফোর ও বিডি নিউজের মোস্তাছিম বিল্লাহ, বাংলা টিভির নুর মোহাম্মদ ফজলুল করিম কাউছার, একুশে টিভির খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, আনন্দ টিভির বাহাউদ্দিন খান, দেশ টিভির রিয়াদ হাসান হৃদয়, বাংলাটুডে২৪ ডটকমের মীর রাইসুল তানভীর শাওন প্রমুখ।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সোহেল রানা খান। এ সময় তিনি জামালপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে বলেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থায় সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পথপ্রদর্শক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমি যদি মেয়র হিসেবে নির্বাচিত হতে পারি, তাহলে পৌরসভার চেয়ার হবে প্রতিটি পৌরবাসীর চেয়ার। আল্লাহ যদি আমাকে মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ দেয়, তাহলে আজ আমি যে কথাটি বলছি, সেটি যদি না হয়, আপনারা আমাকে চ্যালেন্স করবেন।
তিনি বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র রমজান মাস আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। এই মাসের শিক্ষা ধারণ করে সমাজে ন্যায়, সততা ও মানবিকতার চর্চা আরও জোরদার করতে হবে। পাশাপাশি তিনি সাংবাদিকদের সঙ্গে সব সময় আন্তরিক সম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া করা হয়।




