আন্তর্জাতিক

হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির

সতর্ক করে দেওয়ার পরও হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করায় অন্তত তিনটি জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। গতকাল বুধবার সকালের দিকে এসব জাহাজে হামলার দাবি করেছে আইআরজিসি। এর মধ্যে দুটি জাহাজকে ইরানের এই বাহিনী জব্দ করেছে বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট দেশটির বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি বলেছে, ইউফোরিয়া নামের একটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং সেটি এখন ইরান উপকূলে আটকা পড়ে আছে। আইআরজিসির নৌবাহিনীর বিবৃতির বরাত দিয়ে ইরানের অন্যান্য সংবাদমাধ্যম বলেছে, এমএসসি ফ্রান্সেসকা এবং এপামিনোন্ডাস নামের দু’টি জাহাজকে ‘জব্দ’ করা হয়েছে। ওই দুই জাহাজ বর্তমানে ইরানের উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে। জাহাজে গুলির আগে সতর্ক করে দেয় আইআরজিসি যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) বলেছে, হরমুজ প্রণালিতে একটি কন্টেইনার জাহাজে আইআরজিসির গানবোট থেকে গুলি চালানো হয়েছে। আক্রান্ত জাহাজটি গ্রিসের পতাকাবাহী এপামিনোন্ডাস বলে বিবিসি ভেরিফাই নিশ্চিত হয়েছে। ইউকেএমটিও কোনও রেডিও সতর্কতা দেয়নি বলে দাবি করেছিলেন এপামিনোন্ডাসের ক্যাপ্টেন। তবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা নুর নিউজ ওই জাহাজের ক্যাপ্টেনের এই অভিযোগ অস্বীকার করেছে। নুর নিউজ বলছে, জাহাজটি ইরানি সশস্ত্র বাহিনীর দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করেছিল। ইউকেএমটিও বলেছে, ওমানের উত্তর-পূর্ব দিকে ১৫ নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটেছে এবং এর ফলে জাহাজের ব্রিজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ভ্যানগার্ড বিবিসি ভেরিফাইকে বলেছে, হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টাকালে তৃতীয় একটি পণ্যবাহী জাহাজ আক্রান্ত হয়েছে। পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা জাহাজটি হরমুজ প্রণালি থেকে দক্ষিণে ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় ইরান উপকূল থেকে প্রায় ছয় নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয়। ভ্যানগার্ড বলেছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর এমএসসি ফ্রান্সেসকাকে উদ্দেশ্য করে সংকেত পাঠায় এবং নোঙর ফেলার নির্দেশ দেয়। জাহাজটিতে ক্রুদের কক্ষে ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে এর বাইরে আর কোনও তথ্য পাওয়া যায়নি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!