বিনোদন

সাত বছর পর ‘লাক্স সুপারস্টার’, মুকুট জিতে যা পেলেন বর্ণিতা

দীর্ঘ সাত বছর পর আবারও আলোচনায় ফিরল লাক্স সুপারস্টার ২০২৫। জমকালো আয়োজনে এবারের আসরের মুকুট উঠেছে রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতার মাথায়। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। শুক্রবার রাতে আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উপস্থাপক সৌমিক আহমেদ বিজয়ীর নাম ঘোষণা করলে মুহূর্তেই আনন্দে ভেসে যান বর্ণিতা। মঞ্চেই আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “পুরস্কার ঘোষণার সময় আমার পা এত কাঁপছিল যে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। যখন এই যাত্রা শুরু করি, তখন ভাবিনি এত দূর আসতে পারব।” নিজের অনুভূতি জানাতে গিয়ে বর্ণিতা আরও বলেন, “জীবনে কখনো প্রথম হতে পারিনি। সব সময় দ্বিতীয় বা তৃতীয় হয়েছি। সব সময় মনে হতো, কোথাও না কোথাও প্রথম হতে চাই। আজ সত্যিই আমি এই মঞ্চে প্রথম হতে পেরেছি।” তার ভাষায়, এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং সবার ভালোবাসার ফল। বিজয়ের সঙ্গে সঙ্গেই তার সামনে খুলে গেছে নতুন সম্ভাবনার দুয়ার। ট্রফির পাশাপাশি তিনি পাচ্ছেন একটি বিলাসবহুল গাড়ি, নির্মাতা শিহাব শাহীন-এর ওয়েব কনটেন্টে কাজের সুযোগ এবং ইমপ্রেস টেলিফিল্ম-এর ব্যানারে রায়হান রাফী পরিচালিত একটি সিনেমায় অভিনয়ের সুযোগ, যা তার ক্যারিয়ারের বড় মোড় হয়ে উঠতে পারে। চূড়ান্ত পর্বে মোট পাঁচ প্রতিযোগী অংশ নেন। প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল, তিনি পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক। দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম, যার প্রাপ্তি তিন লাখ টাকা। জয়ের উচ্ছ্বাসের মাঝেও দায়িত্ববোধের কথা মনে করিয়ে দিয়েছেন বর্ণিতা। তার ভাষায়, “এই ট্রফিট শুধু একটি পুরস্কার নয়, এটা অনেক বড় দায়িত্ব। সবার ভালোবাসার মর্যাদা রাখতে চাই, সামনে আরও দূর যেতে চাই।”

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!