খেলাধুলা

সহজ জয় দিয়ে সিরিজ শুরু করলো ইংল্যান্ড

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়ে হেসেখেলে জিতেছে ইংল্যান্ড। দুর্দান্ত এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা। চেস্টার-লি-স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ওপেনিং জুটিতে টম ব্যান্টন এবং বেন ডাকেট অত সুবিধা করতে পারেননি। ১২ বলে ১০ রান করে দলের ১৬ রানের মাথাতে থেমেছেন ব্যান্টন। তিনে নামেন জো রুট। ডাকেট এবং রুট মিলে টেনেছেন দলের ইনিংস। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে বোর্ডে রান তুলেছে ইংল্যান্ড। চালিয়ে খেলতে থাকা ডাকেট ২৯ বলে ৩২ রান করে বিদায় নেন। ডাকেটের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক হ্যারি ব্রুক। কিছুটা আগ্রাসী ব্যাটিংয়ে রান বের করেছেন রুট এবং ব্রুক। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে গতি পায় ইংল্যান্ডের ইনিংস। দুজনই ছুটেছেন ফিফটির দিকে। যদিও রুট থেমেছেন ফিফটির আগেই। ৫২ বলে ৪৪ রান করে বিদায় নেন জো রুট। ব্রুক অবশ্য ছুঁয়েছেন ফিফটি। ব্রুকের সাথে আরেক প্রান্তে যোগ দেন জস বাটলার। দুজনই রান তুলেছেন ভালো গতিতে। ৬৯ বলে ৬৭ রানের ঝলমলে ইনিংস খেলা অধিনায়ক হ্যারি ব্রুক দলীয় ১৮২ রানের মাথাতে থেমেছেন। বাটলার ৩৩ বলে করেছেন ৩১ রান। ১৯৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ইংল্যান্ড। ৩০০ রানের সম্ভাবনা থাকলেও তা আর ছুঁতে পারেনি ইংলিশরা। শেষ দিকে প্রায় একাই লড়াই চালিয়ে গেছেন উইল জ্যাকস। দারুণ কার্যকরী ব্যাটিংয়ে রান বের করেছেন। স্ট্রাইক রোটেট করেছেন। সুযোগ পেলে হাঁকিয়েছেন বাউন্ডারিও। ৪৭ বলে ৪৬ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন জ্যাকস। এছাড়া ২০ বলে ১৪ রান করে অপরাজিত ছিলেন গাস অ্যাটকিনসন। ৪৮.১ ওভারের খেলা শেষে ২৬৫ রান তুলে থেমেছে ইংল্যান্ডের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন আসিথা ফার্নান্দো এবং সাচিন্দু কলোম্বাগে। ১টি করে উইকেট নেন দিলশান মাদুশাঙ্কা, দুনিথ ভেল্লালাগে এবং দুশমন্থ চামিরা। জবাব দিতে শ্রীলঙ্কার হয়ে ওপেনিংয়ে নামেন কামিন্দু মেন্ডিস এবং পাথুম নিসাঙ্কা। ওপেনিং জুটিতে রান এসেছে ২৭। ১৯ বলে ১৪ রান করে বিদায় নেন কামিন্দু। নিসাঙ্কা কিছুক্ষণ টিকে ছিলেন। দলের ৪৮ রানের মাথাতে থেমেছেন তিনি, আউট হন ৩৭ বলে ২৭ রান করে। তিনে নামা অধিনায়ক কুশল মেন্ডিস এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন। তবে আরেক প্রান্তে ব্যাটাররা সুবিধা করতে পারছিলেন না। একের পর এক উইকেট হারিয়ে গেছে শ্রীলঙ্কা। পাভান রাথনায়েকে ২৩ বলে ১৩ রান করেছেন। চারিথ আসালাঙ্কা এবং জানিথ লিয়ানাগেও সুবিধা করতে পারেননি, এক অঙ্কের রানেই সাজঘরে ফিরেছেন। ফিফটির খুব কাছে গিয়ে থেমেছেন অধিনায়ক কুশল মেন্ডিস। ৬০ বলে ৪২ রান করে বিদায় নেন তিনি। শেষ দিকে চেষ্টা চালিয়েছেন দুনিথ ভেল্লালাগে। কিছুটা আগ্রাসী ব্যাটিংয়ে কিছু রানও বের করেছেন। যদিও দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেননি। ৩৬ বলে ৪৫ রানের ক্যামিও ইনিংস খেলেন ভেল্লালাগে। এছাড়া ১৪ বলে ১৪ রান করেছেন সাচিন্দু কলম্বাগে। শ্রীলঙ্কা থেমেছে ১৭৬ রানে। ৮৯ রানে জয়লাভ করে ইংলিশরা। ইংল্যান্ডের হয়ে ৫ উইকেট শিকার করেছেন উইল জ্যাকস। ২ উইকেট নেন জেমি ওভারটন। ১টি করে উইকেট তুলেছেন গাস অ্যাটকিনসন, জশ টাং এবং রেহান আহমেদ।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!