খেলাধুলা

আসিয়ান কাপের জন্য প্রস্তুত বাংলাদেশ: সামিত সোম

ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর চ্যালেঞ্জ নিতে ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, সামিত সোম ও সোহেল রানা দলের সঙ্গে যোগ দেওয়ায় পূর্ণ হয়েছে কোচ থমাস ডুলির স্কোয়াড। আগামীকাল শুক্রবার মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপের অভিযান শুরু করবে বাংলাদেশ। গত মঙ্গলবার জাকার্তায় পৌঁছে বিকেলেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন মিডফিল্ডার সামিত সোম। দ্রুত দলের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্য তার। অনুশীলনের আগে বাফুফের ভিডিও বার্তায় সামিত বলেন, ‘সবার সঙ্গে আবার খেলতে খুব ভালো লাগছে। টিমটাকে খুব শার্প মনে হচ্ছে, ট্রেনিংও খুব ভালো হয়েছে। মাঠটা খুব সুন্দর ছিল। আশা করি, আমরা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছি। আরও দুই দিন ট্রেনিং করার সুযোগ আছে, রেডি হওয়ার সময় আছে। এরপরই শুক্রবার ম্যাচ ডে। সো, অল গুড।’ জাতীয় দলে নতুন যোগ দেওয়া খেলোয়াড়দের নিয়েও আশাবাদী সামিত। তিনি বলেন, ‘নতুন খেলোয়াড়রা এসেছে, তাদের সঙ্গে দেখা করতে ও প্রথমবারের মতো একসঙ্গে ট্রেনিং করতে খুব ভালো লাগছে। আমি খুব ইমপ্রেসড। সবাই আমাদের গ্রুপে কিছু না কিছু যোগ করতে পারে। এর মাধ্যমে আমাদের স্কোয়াড আরও উন্নত হবে, প্রতিযোগিতাও বাড়বে। আশা করি, এটা আমাদের দলকে আরও ভালো করতে সাহায্য করবে।’ বাংলাদেশের লক্ষ্য নিয়েও সামিত বলেন, ‘সবার একই লক্ষ্য, বাংলাদেশের জন্য ভালো করা, ম্যাচ জেতা এবং ভালো ফুটবল খেলা। নতুন ছেলেদের সঙ্গে দেখা করে সত্যিই ভালো লাগছে।’ জাকার্তার ৭৭ হাজার দর্শক ধারণক্ষমতার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। র‌্যাঙ্কিংয়ে তিন দলই বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও সেটিকে চাপ হিসেবে দেখছেন না সামিত। তার ভাষায়, ‘খুব বড় টুর্নামেন্ট, ফিফা ইভেন্ট। বাংলাদেশের জন্য এটা নিজেদের প্রমাণ করার খুব ভালো একটা সুযোগ। আমরা যে হায়ার লেভেলে খেলতে পারি, সেটা দেখানোর সুযোগ। আমি কনফিডেন্ট, আমরা ভালো করতে পারব, ভালো পারফরম্যান্স করতে পারব।’ জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও নতুন অধ্যায় শুরু করেছেন ২৮ বছর বয়সী সামিত। ক্যাভ্যালরি এফসির সঙ্গে তিন বছরের অধ্যায় শেষে নিউইয়র্ক কসমসে যোগ দিয়েছেন তিনি। নতুন ক্লাব নিয়ে সামিত বলেন, ‘গত দুই-তিন মাস ধরে নতুন জার্নি শুরু করেছি। ভালোই চলছে। মাঠে খেলতে, টিমের সঙ্গে খেলতে এবং ম্যাচগুলো খেলতে আমার খুব ভালো লাগছে। এতে ফিটনেস বাড়ছে, শার্পনেসও ধরে রাখতে পারছি। এখন পর্যন্ত সবকিছুই ভালো চলছে।’ চলতি মৌসুমে আরও এক-দুই মাস খেলার সুযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই সিজনে আরও এক-দুই মাস আছে। এরপর পরের বছর কী করব, সেটা তখন দেখব। তবে এখন পর্যন্ত সবকিছু ভালোই চলছে।’ নিউইয়র্ক ও নিউ জার্সির বাংলাদেশি কমিউনিটির সমর্থনও পাচ্ছেন সামিত। এ নিয়ে তিনি বলেন, ‘নিউ জার্সি, নিউইয়র্ক, প্যাটারসনে বিশাল বাংলাদেশি কমিউনিটি আছে। তারাও আমাকে সাপোর্ট করছে। নতুন যে জার্নি শুরু করেছি, সেটা নিয়ে আমার খুব ভালো লাগছে। তাদের এই সমর্থনও আমাকে অনেক অনুপ্রেরণা দিচ্ছে।’ তবে আপাতত ক্লাব ফুটবল নয়, জাতীয় দলের জার্সিতেই মনোযোগ শমিতের। আগামীকাল শুক্রবার মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে জাকার্তায় শুরু হবে বাংলাদেশের আসিয়ান কাপ অভিযান।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!