খেলাধুলা

একাদশ থেকে বাদ পড়ে ক্ষোভ ঝাড়লেন মেহেদী

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। সিরিজের শেষ দুই ম্যাচে ছিলেন না শেখ মেহেদী। তবে শেষ ম্যাচের পর ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভ ঝেড়েছেন এই স্পিনিং অলরাউন্ডার। মেহেদী বলেন, ‘দলের সমস্যা এটা বলব না। আসলে ব্যাটসম্যানরা ফর্মে থাকলে খেলার দৃশ্যটা অন্যরকম হতো। যেহেতু তিনটা ম্যাচের ভিতর ব্যাটসম্যানরা একটাতে ভালো শুরু দিয়েছে, বাকি দুইটাতে দেয়ই নাই। আমার মনে হয় এখানে আমরা একটু পিছিয়ে গেছি। ব্যাটসম্যানরা যদি ফর্মে থাকতো, সিরিজটা হয়তোবা ভালো হতো।’ প্রথম ম্যাচ ব্যাট হাতে ২২ বলে ২৯, বল হাতে ৪ ওভারে ৭.২৫ ইকোনোমিতে একটি উইকেট নেন মেহেদী। কিন্তু পরের দুটো ম্যাচে তাকে বাদ দেওয়া হয়। এ নিয়ে আক্ষেপ আছে কি না তা জানতে চাইলে মেহেদী বলেন, ‘আক্ষেপ তো প্রতিনিয়ত করে। দেখেন ক্রিকেটার হিসেবে আমি শুধু টি-টোয়েন্টি ফরম্যাটেই খেলি। কিন্তু সেখানেও আমি নিয়মিত সুযোগ পাই না।’ ‘দেখা যায় সবসময় দলগত কম্বিনেশন কিংবা ম্যাচ-আপের মারপ্যাঁচে আমাকে বাদ পড়তে হয়। একজন খেলোয়াড় হিসেবে বিষয়টা আমার জন্য সত্যিই খুব হতাশাজনক। আমি যদি নিয়মিত খেলার সুযোগ পেতাম, তাহলে হয়তো বর্তমানে যে ধরনের পারফর্ম করছি, এরচেয়ে আরও অনেক ভালো করার সুযোগ থাকত আমার’-যোগ করেন মেহেদী। শেখ মেহেদী আরও বলেন, ‘আপনারা হয়তো বা জানেন, আর এটা সবাই জানে যে আমি নিয়মিত ক্রিকেট খেলার সুযোগ পাই না। একটা বিষয় খেয়াল করে দেখুন, বাংলাদেশে একজন ব্যাটার যেভাবে টানা সুযোগ পায়, একজন বোলার হিসেবে কিন্তু কেউ সেভাবে সুযোগ পায় না।’ নিজেকে সেরা বোলারদের একজন দাবি করে মেহেদী বলেন, ‘আপনি যদি আমাদের বাংলাদেশের সেরা দুজন টি-টোয়েন্টি ব্যাটসম্যানের কথা ভাবেন, আপনারা কিন্তু কখনোই তাঁদের দল থেকে বাদ দেবেন না। তাহলে বাংলাদেশের সেরা দুজন বোলারের ক্ষেত্রে কেন এমনটা হবে না? যাদের মধ্যে একজন প্রায় আমি নিজেই।’ ‘আপনি যদি ইকোনমি রেট দেখেন, বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে সবথেকে কম ইকোনমি কিন্তু আমার। অথচ এরপরেও আমি দলে নিয়মিত নই। ব্যাটসম্যানদের ক্ষেত্রে যে নিয়মটা খাটছে, বোলারদের বেলায় ঠিক তার উল্টোটা হচ্ছে। আমি আসলেই জানি না এমনটা কেন হচ্ছে’-আরও যোগ করেন তিনি।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!