অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হলেন রিয়াদ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সব ধরনের খেলা থেকে আনুষ্ঠানিক অবসর নেওয়ার আগেই এবার নতুন ভূমিকায় এই কিংবদন্তি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর বা পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। এছাড়া যুব দলের জন্য নতুন কোচও ঠিক করেছে বিসিবি। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক হান্নান সরকার অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন। মাহমুদউল্লাহ রিয়াদ শুধু অনূর্ধ্ব-১৯ দলই নয়, ডেভেলপমেন্ট পর্যায়ের বিভিন্ন দলের মেন্টর হিসেবে ভূমিকা রাখবেন। অস্ট্রেলিয়া সফরে যাওয়া হাই পারফরম্যান্স ইউনিটের সাথেও তাকে রাখতে চায় বিসিবি। এছাড়া অস্ট্রেলিয়ায় বসবাস করা সাবেক ওপেনার ইমরুল কায়েসকেও সেই সিরিজে কোচিং প্যানেলে কাজে লাগাতে চায় বিসিবি। হান্নান সরকার অবশ্য ক্লাব ক্রিকেটে কোচিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বোর্ড জানিয়েছে, অনূর্ধ্ব-১৯ দলের খেলা থাকাকালে যুব দলের সাথেই কাজ করতে হবে তাকে। আর বোর্ডের নিয়ম অনুযায়ী, চুক্তির আওতায় থাকা কোচরা ডিপিএল ও বিপিএলের যেকোনো একটিতে কাজ করতে পারবেন।




