বিনোদন

শুরু হলো সালমান-নয়নতারার নতুন সিনেমার শুটিং

‘জাওয়ান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছিলেন দক্ষিণ ভারতীয় সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। বলিউড বাদশাহর পর এবার বলিউড ভাইজান সালমান খানের সঙ্গেও জুটি হলেন তিনি। শুরু করে দিয়েছেন নতুন সিনেমাটির শুটিংও। মুম্বাইয়ের গোরেগাঁওয়ে সিনেমাটির শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যম। প্রাথমিকভাবে ছবিটির নাম রাখা হয়েছে ‘এসভিসি ৬৩’। সিনেমাটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা ভামশি পেডপাল্লি। সম্প্রতি একটি বিশেষ পূজা অনুষ্ঠানের মাধ্যমে এই প্রজেক্টটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ সিনেমাটির মাধ্যমেই পরিচালক পেডপাল্লি এবং অভিনেত্রী নয়নতারা উভয়ের সঙ্গেই প্রথমবার স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন সালমান খান। সিনেমাটির প্রথম ধাপের শুটিং হচ্ছে গোরেগাঁওয়ের এসআরপিএফ গ্রাউন্ডে। ‘ভ্যারাইটি ইন্ডিয়া’র তথ্যমতে, সেখানে একটি জনাকীর্ণ শহরের আদলে বিশাল সেট তৈরি করা হয়েছে। মুম্বাইসহ ভারতের বিভিন্ন শহরে টানা তিন মাস এ সিনেমার শুটিং চলবে বলে জানা গেছে। এই দীর্ঘ শিডিউলে সালমানের বেশকিছু হাইভোল্টেজ অ্যাকশন দৃশ্যের শুটিং করবেন পরিচালক পেডপাল্লি। নির্মাতা সূত্রে জানা গেছে, ২০২৬ সালের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে ছবিটির শুটিংয়ের মূল অংশের কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে তারা। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদে বড় পর্দায় মুক্তি পাবে বিগ বাজেটের এ সিনেমাটি। সালমান ও নয়নতারা ছাড়াও এ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ‘রোজা’-খ্যাত অভিনেতা অরবিন্দ স্বামী এবং অনিল কাপুরকে। পরিচালক ভামশি পেডপাল্লি এর আগে ‘ইয়েভাদু’ (২০১৪), ‘মহর্ষি’ (২০১৯) এবং ‘বারিসু’ (২০২৩)-এর মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। বর্তমানে নতুন এ সিনেমার পাশাপাশি যুদ্ধভিত্তিক ছবি ‘মাতৃভূমি’ নিয়েও ব্যস্ত সময় পার করছেন সালমান। অপূর্ব লাখিয়া পরিচালিত এ সিনেমায় এই অভিনেতার বিপরীতে চিত্রাঙ্গদা সিংকে দেখা যাবে।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!