বিনোদন

মা হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন মৌসুমী হামিদ

জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ মা হয়েছেন সম্প্রতি এমন একটি খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, পুত্র সন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী। খবরটি ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন মৌসুমী হামিদ। পুত্র সন্তানের মা হওয়ার খবর প্রসঙ্গে রসিকতা করে মৌসুমী হামিদ বলেন, ‘আমার ছেলে হয়েছে, কিন্তু আমারে তো বলেনি! কেমন খারাপ বলুন তো? আমি তো কোথাও দেখলাম না। তাহলে কি আমার ছেলে হবে? আমার ছেলে হবে কি না জানি না, কিন্তু এরা তো আমাকে পুত্র সন্তানের মা বানিয়ে দিয়েছে। বাহ, অসাধারণ! চিকিৎসকও বলেননি ছেলে নাকি মেয়ে হবে।’ অভিনেত্রী আরও জানান, বর্তমানে তিনি সুস্থ ও ভালো আছেন। নিজের শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের জটিলতা নেই বলেও জানান তিনি। পাশাপাশি ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে নিজের ও অনাগত সন্তানের জন্য দোয়া চেয়েছেন মৌসুমী। এর আগে গত সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি শাওয়ারের বেশ কিছু ছবি প্রকাশ করেন অভিনেত্রী। নিজের বাসার ছাদে ঘরোয়া আয়োজনে প্রিয়জনদের সঙ্গে আনন্দ-আড্ডায় সময় কাটাতে দেখা যায় তাকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, অহনা রহমান, নূর ইমরান মিঠু ও গায়িকা ঐশীসহ আরও অনেকে। উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে ‘চরকি কার্নিভ্যাল’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার মা হওয়ার সুখবরটি প্রকাশ্যে আনেন মৌসুমী হামিদ। এরপর থেকেই তার মাতৃত্ব নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!