সারাদেশ

মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরির অভিযোগে ৫ জন গ্রেফতার

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী, বীর নাদাগাড়ীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকালে গ্রেপ্তারদের জামালপুর আদালতে পাঠানো হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বীর নাদাগাড়ী এলাকার জাকির প্রামাণিকের ছেলে নুরু মিয়া সুমন (২৮), মৃত আব্দুল খালেকের ছেলে সেলিম (৩২), মৃত কালু মন্ডলের ছেলে রবিনুর ইসলাম (২৮), চর নাদাগাড়ী এলাকার শুকুর আলীর ছেলে সুমন (২৮) এবং মাদারগঞ্জ পৌরসভার গাবেরগ্রাম এলাকার মৃত রাশেদ আলীর ছেলে রাসেল (২২)।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, গত দুই মাসে মাদারগঞ্জে ২৬টি ট্রান্সফরমার চুরি হয়েছে। চোরচক্রকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ টিম কাজ করছে। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত ১টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, ট্রান্সফরমার চুরির বিষয়ে বিস্তারিত জানতে আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। চুরি রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ২ জুলাই থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মাদারগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় ২৬টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এর মধ্যে জুলাইয়ে ছয়টি, আগস্টে ১৭টি এবং সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে তিনটি ট্রান্সফরমার চুরি হয়।
চুরি হওয়া ট্রান্সফরমারের বেশিরভাগই বালিজুড়ী ও জোড়খালী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেওয়া হয়েছে। এসব ট্রান্সফরমারের বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!