নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিবেদক:
নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারের লক্ষ্যে Her Vote, Her Seat শীর্ষক জাতীয় ক্যাম্পেইনের আওতায় জামালপুরে জেলা পর্যায়ে মিডিয়া ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের একটি রেস্টুরেন্টে দিনব্যাপী জাগো ফাউন্ডেশন এই ওরিয়েন্টেশন আয়োজন করে।
প্রশিক্ষণে জাগো ফাউন্ডেশনের ইয়ুথ কো-অর্ডিনেটর নুর আলম নাহিদ, এনটিভি ও খবরের কাগজ পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি আসমাউল আসিফ প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর সম্পৃক্ততা এবং নারীবান্ধব রাজনৈতিক পরিবেশ তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে জাগো ফাউন্ডেশন স্টাস্ট প্রোগ্রাম অর্গানাইজার শান্ত মিয়া, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী কর্মকর্তা হাসান আলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক হামিদা চৌধুরী, সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ফারিয়াজ ফাহিম, জামালপুর হসপিটাল সার্ভিস এজেন্সির সভাপতি হাবিবুর রহমান শান্ত, রক্তের বন্ধন জামালপুরের নারী বিষয়ক সম্পাদক নারজিনা আক্তার নিঝু, নৃত্য শিল্পী জনি, কন্টেট ক্রিয়েটর মল্লিকা মুরসলিন দীপ্তি, স্থানীয় গণমাধ্যমকর্মী, উদ্যোক্তা প্রশিক্ষক, নারী উদ্যোক্তা, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। এতে রাজনীতির পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে নারীদের অংশগ্রহণে বাধা ও তার উত্তরণ নিয়ে আলোচনা হয়। এ সময় অংশগ্রহণকারীরা বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ নারী হলেও রাজনৈতিক কর্মকাণ্ড ও নেতৃত্বের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ এখনো প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। নারীদের রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে এগিয়ে আনতে পরিবার, সমাজ, রাজনৈতিক দল এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, নারীর রাজনৈতিক অংশগ্রহণকে উৎসাহিত করতে গণমাধ্যমে নারীদের ইতিবাচক কর্মকাণ্ড, নেতৃত্ব ও সাফল্যের খবর গুরুত্বের সঙ্গে তুলে ধরা প্রয়োজন। পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জগুলোও গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে হবে। স্থানীয় গণমাধ্যমকর্মী, উদ্যোক্তা প্রশিক্ষক, নারী উদ্যোক্তা, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ১২ জন নারী ও ৮ জন পুরুষ প্রতিনিধি অংশগ্রহণ করেন।




