সারাদেশ

মাদারগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং সুফলভোগীদের মধ্যে গাছের চারা ও ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয় চত্বরে একটি নিম ও পিয়ারা গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে পল্লী উন্নয়ন কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র (ভিডিও ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, সুফলভোগী বীর মুক্তিযোদ্ধা আব্দুর নুর এবং ফুলেরা বেগম।
বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পল্লী উন্নয়নের বিকল্প নেই। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও বিআরডিবির কার্যক্রমের মাধ্যমে গ্রামের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটছে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিআরডিবির সুফলভোগীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সুফলভোগীদের মাঝে গাছের চারা ও ক্ষুদ্র ঋণ সহায়তার চেক বিতরণ করা হয়।

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!