আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বিমান অভিযানে বোকো হারামের কয়েক জঙ্গি সদস্য নিহত

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নোতে অভিযান পরিচালনা করেছে দেশটির বিমানবাহিনী (এনএএফ)। সেই অভিযানে নাইজেরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী বোকো হারামের কয়েক ডজন সদস্য নিহত হয়েছে। গতকাল সোমবার এক বিবৃতিতে এনএএফের মুখপাত্র এহিমেন এজোদামে বলেছেন, গত শনিবার বোর্নো প্রদেশের ইয়াগানারি জেলা ও তার আশপাশে পরিচলানা করা হয়েছিল এ অভিযান। অভিযানে বিমান বাহিনীর গুলি ও বোমা বর্ষণে কয়েক ডজন বোকো হারাম জঙ্গি নিহত হন, বাকিরা আহত অবস্থায় পালিয়ে যান। ইয়াগানারি ও তার আশপাশের এলাকায় বোকো হারামের যত আস্তানা ও স্থাপনা ছিল— সেগুলোর সব ধ্বংস করা হয়েছে উল্লেখ করে এজোদামে আরও বলেন, বিমান বাহিনীর অভিযানের পর স্থলবাহিনীর সদস্যরা বোকো হারামের বিভিন্ন জঙ্গি আস্তানা থেকে বেশ কিছু ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং বিপুল পরিমাণ গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। “আমরা গোয়েন্দা এবং নজরদারির সূত্রে আগে থেকেই জঙ্গিদের আস্তানা এবং স্থাপনাগুলো সম্পর্কে ধারণা নিয়ে রেখেছিলাম। এ কারণে আমাদের অভিযান অনেক গোছানো ও নিখুঁত ছিল”, বিবৃতিতে বলেছেন এজোদামে। উল্লেখ্য, নাইজেরিয়ায় কট্টর ইসলামপন্থি জঙ্গিগোষ্ঠীর উত্থান ২০০২ সালের শুরুর দিকে। নাইজেরিয়ার হাউজা ভাষায় ‘বোকো হারাম’ শব্দের অর্থ ‘পশ্চিমা শিক্ষা নিষিদ্ধ’। গোষ্ঠীটি যদিও নিজেদের ইসলামি শরিয়াপন্থি হিসেবে দাবি করে, কিন্তু জন্মলগ্ন থেকেই বোকো হারাম ডাকাতি, লুটপাট, অপহরণ করে মুক্তিপণ আদায়, মানব পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত। বোকো হারামের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে গত ২৪ বছরে নাইজেরিয়ায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছন আরও কয়েক লাখ। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়— বোকো হারামকে নিষ্ক্রিয় করতে নাইজেরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবেন মার্কিন সেনা কর্মকর্তারা। কয়েক মাস আগে সেই প্রশিক্ষণ শুরুও হয়েছে। সূত্র : আনাদোলু এজেন্সি

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button
error: Content is protected !!