ইরানে বড় ধরনের হামলা যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের ধারাবাহিক হামলা চালানোর সক্ষমতা গুঁড়িয়ে দিতে দেশটিতে নতুন দফায় বড় ধরনের বিমান ও নৌ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই অভিযানে ইরানের কয়েক ডজন সামরিক স্থাপনা লক্ষ্য করে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে। গতকাল সোমবার সকালে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের হুমকি ও আগ্রাসন বন্ধ করতেই এই সমন্বিত সামরিক অভিযান চালানো হয়েছে। সেন্টকমের তথ্যমতে, মার্কিন বাহিনী যুদ্ধবিমান ও নৌবাহিনীর জাহাজের পাশাপাশি ঝাঁকে ঝাঁকে ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন ব্যবহার করেছে। এছাড়া এই অভিযানে প্রথমবারের মতো মার্কিন সামরিক বাহিনী অত্যাধুনিক ‘ওয়ান-ওয়ে অ্যাটাক সি-ড্রোন’ ব্যবহার করে ইরানের অভ্যন্তরে আঘাত হেনেছে। মার্কিন হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার স্টেশন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি এবং বেশ কিছু ছোট সামরিক নৌকা ধ্বংস হয়েছে। সেন্টকম বলেছে, “হরমুজ প্রণালি বিশ্ব বাণিজ্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর। ইরান এটি নিয়ন্ত্রণ করে না।” মার্কিন সামরিক কমান্ড আরো যোগ করেছে, আন্তর্জাতিক এই জলপথে ইরানের ক্রমাগত অযাচিত আগ্রাসন, হয়রানি এবং স্বেচ্ছাচারী হুমকি সত্ত্বেও বাণিজ্যিক জাহাজের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং ওই অঞ্চলে নিয়োজিত রয়েছে।




