দুই নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

টেস্ট ক্রিকেটে দুই ম্যাচের সিরিজের বদলে তিন ম্যাচের সিরিজ আয়োজনের পক্ষে মত দিয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। তার মতে, দুই ম্যাচের সিরিজে একটি দল প্রথম টেস্টে হেরে গেলে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জেতার সুযোগ থাকে না। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে কলম্বোয় সংবাদ সম্মেলনে গম্ভীর বলেন, ‘আদর্শভাবে আমি তিন ম্যাচের টেস্ট সিরিজ চাইব।’ গলে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। গম্ভীরের মতে, তিন ম্যাচের সিরিজ হলে প্রথম টেস্টে হেরে যাওয়া দলও ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিততে পারে। তিনি বলেন, ‘আমি সবসময় বিশ^াস করি, প্রথম টেস্টে হেরে যাওয়া একটি দলের সিরিজে ঘুরে দাঁড়িয়ে জেতার সুযোগ থাকা উচিত। দুই ম্যাচের সিরিজে সেটা সম্ভব নয়। সর্বোচ্চ যা করা যায়, তা হলো সিরিজ ড্র করা।’ টেস্টের মাঝে কম সময়ের বিরতি নিয়েও আপত্তি নেই গম্ভীরের। তার ভাষায়, ‘টেস্টের মাঝে কম সময়ের বিরতি ঠিক আছে। অন্য দলগুলোও এমন সূচিতে খেলছে।’ ভারত এবার সিরিজে এগিয়ে থাকলেও ২০১৫ সালে শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্ট হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল তারা। পরে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতেছিল ভারত। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ঐতিহাসিক ২০০১ সালের সিরিজের কথাও স্মরণ করেন গম্ভীর। মুম্বাইয়ে প্রথম টেস্ট হারের পর কলকাতা ও চেন্নাইয়ে জয় পেয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত। গম্ভীর বলেন, ‘আমি এখনো ভারত ও অস্ট্রেলিয়ার সেই সিরিজটির কথা মনে করি। ভারত তখন ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল, কিন্তু ঘুরে দাঁড়িয়ে সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল। সাধারণত তিন ম্যাচের সিরিজ থাকলে সেটিই বেশি উপভোগ্য হয়।’ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ছাড়া অধিকাংশ টেস্ট খেলুড়ে দলই দুই ম্যাচের সিরিজ বেশি খেলে। এমনকি ভারতের মতো দলের বিপক্ষেও শ্রীলঙ্কার চলমান বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে মাত্র ছয়টি দুই ম্যাচের সিরিজ রয়েছে। গত বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার সূচিতেও দুই ম্যাচের সিরিজের সংখ্যা ছিল তুলনামূলক বেশি।




